ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিজ্ঞান ও গণিত শিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেছেন, "সারাদেশে গণিত ও বিজ্ঞান শিক্ষার বর্তমান অবস্থা অত্যন্ত দুঃখজনক। এ দুটি বিষয়ে ভালো করতে না পারলে জাতি হিসেবে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয়।"
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশ নেওয়া কুমিল্লা ক্যাডেট কলেজের সাত ছাত্রের সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।
হোসেন জিল্লুর গণিত ও বিজ্ঞান বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের প্রতিও আহ্বান জানান।
গত অক্টোবরে থাইল্যান্ডে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় কুমিল্লা ক্যাডেট কলেজের সাত শিক্ষার্থীর মধ্যে চার জন ব্যক্তিগত পর্যায়ে ব্রোঞ্জ পদক লাভ করে।
সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন- তামিম আদ্দারি, কিফায়াত তাহমিদ, জান্নাতুল ইসলাম, শাহরিয়ার সাফায়াত, আতরার বিন ইসলাম, মোহাইমিনুল আকিব ও মেহেদী হাচান।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বই উপহার দেন শিক্ষা উপদেষ্টা।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল মো. মতিউর রহমান, কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার এ এইচএম আমিরুল আহসান এবং সংবর্ধিত ছাত্র জান্নাতুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24