ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য প্রতিষ্ঠিত রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম লুৎফর রহমান।
শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের উদ্বোধন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজই লুৎফর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।"
উপাচার্য লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার তিনি রংপুরে যাবেন। ওই জেলাতেই তার গ্রামের বাড়ি।
রংপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত ১৫ জুন 'রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮' অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
এরপর বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য রংপুর কারমাইকেল কলেজের ৭৫ একর জায়গা হুকুম দখল করা হয়। অবকাঠামো নির্মাণের জন্য বরাদ্দ করা হয় ৭০ কোটি টাকা।
রংপুরের জেলা প্রশাসক আব্দুল আহাদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার সকালে শহরের টিচার্স ট্রেনিং কলেজে রংপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানেই চলতি শিক্ষা বর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি ও ক্লাশ শুরুর ঘোষণা দেবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/জিএনএ/২০০৩ ঘ.
bdnews24