২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু সোমবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ সোমবার থেকে শুরু হবে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

রাজশাহী, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ সোমবার থেকে শুরু হবে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামী ২৪ নভেম্বর সকাল নয়টায় রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রুয়েটের ছয়টি বিভাগে ভর্তি করা হবে ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা তালিকার ভিত্তিতে ৪৮০ জন এবং পার্বত্য অঞ্চলের উপজাতি কোটায় আরও পাঁচজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। রোববার রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ২০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন ব্যাংক চলাকালে রুয়েট শাখা রূপালী ব্যাংক থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রুয়েট ক্যাম্পাসের নির্ধারিত কাউন্টারে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আগামী ১৫ নভেম্বর ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এ বছর যোগ্যতার ভিত্তিতে ৩৮০০ জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে ৩৮০০তম প্রার্থীর সমান গ্রেড পয়েন্ট প্রাপ্ত সবাইকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.