চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র রোববার থেকে বিক্রি করা হবে। আবেদনপত্র বিক্রির শেষ দিন ৩০ অক্টোবর। জমা দিতে ৩ নভেম্বরের মধ্যে। প্রতিটি আবেদনপত্রের দাম ধরা হয়েছে ৩০০ টাকা।
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাসহ নিউ মার্কেট, কাপাসগোলা, চকবাজার ও আগ্রাবাদ শেখ মুজিব রোড শাখা এবং ঢাকার জাতীয় জাদুঘর, শাহবাগ শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ৩ নভেম্বরের মধ্যে স্ব স্ব অনুষদে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন করার জন্য একজন প্রার্থীকে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ পেতে হবে।
আগামী ১৬ নভেম্বর 'ক' অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
'ক' ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায়, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট ইনস্টিটিউটে ১৬ নভেম্বর দুপুর আড়াইটায়, 'জ' ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ) ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় এবং একই দিন দুপুর আড়াইটায় 'ছ' ইউনিট (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) এর ভর্তি পরীক্ষা হবে।
'গ' ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তিচ্ছুদের মধ্যে উচ্চ মাধ্যমিকে মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পরীক্ষা হবে ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায়। আর উচ্চ মাধ্যমিকে যারা ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পড়েছে, তাদের পরীক্ষা হবে ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টায়।
এছাড়া ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'খ' ইউনিট (কলা অনুষদ), ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'ঙ' ইউনিট (আইন অনুষদ) ও দুপুর আড়াইটায় 'খ' ইউনিট (চারুকলা, আরবি ও ফারসি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংস্কৃত) এবং ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'ঘ' ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএআর/জেকে/২২২০ ঘ.
bdnews24