২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র বিক্ষোভের ঘটনায় সারাদেশে আটক সব শিক্ষার্থীর মুক্তি দাবি

আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় সারাদেশে আটক সব শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারামুক্ত শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কারামুক্তদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকরা এ দাবি জানান। 'ছাত্রবন্ধু' ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী এ সংবর্ধনা সভার আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় সারাদেশে আটক সব শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারামুক্ত শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কারামুক্তদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকরা এ দাবি জানান। 'ছাত্রবন্ধু' ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী এ সংবর্ধনা সভার আয়োজন করে। সভায় অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, আগস্টের ঘটনায় সারাদেশে অনেক শিক্ষার্থী এখনও আটক রয়েছে। অবিলম্বে তাদের মুক্তি এবং সব মামলা প্রত্যাহার করতে হবে। তিনি জানান, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের নয় জন শিক্ষার্থী এখনও আটক রয়েছেন। এছাড়া ঢাকার তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র আহসান হাবিব, দর্শন বিভাগের ফরিদউদ্দিন এবং উইবট কলেজের ছাত্র ইমতিয়াজ বিজন এখনও আটক রয়েছে। অধ্যপক আনোয়ার হোসেন জরুরি ক্ষমতা আইনে আটক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রোটনসহ অপর ছাত্র নেতাদেরও মুক্তি দাবি করেন। অধ্যাপক হারুন অর রশীদ বলেন, অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচন দেওয়া না হলে দেশে যে সঙ্কট চলছে, তা আরও ঘনীভূত হবে। অনুষ্ঠানে অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকসহ কারামুক্ত শিক্ষার্থী জাহিদুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম সুজন, মনিরুজ্জামান, দ্বীন ইসলাম এ্যাঞ্জেল, মো. দ্বীন ইসলাম, আসাদুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৯৫৯ ঘ.