বরিশাল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থগিত করা পরীক্ষা শুরুর দাবিতে শনিবার বরিশাল সরকারি ভেটেরিনারি কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আগামী দু'দিনের মধ্যে পরীক্ষার রুটিন ঘোষণা ও ২০ জানুয়ারির মধ্যে পরীক্ষা শুরু না হলে তারা কলেজের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে।
কলেজের অধ্যক্ষ ও পশুসম্পদ অধিদপ্তরের বরিশালের উপ পরিচালক মো. জয়নউদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরে কলেজটিতে শিক্ষকরা চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন, যার ক্ষতিকর পরিণতি ভোগ করছে ছাত্ররা।"
কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর থেকে ২য় বর্ষের ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরুর কথা ছিল। নির্ধারিত সময়ে তা না হওয়ায় পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। কলেজ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আবেদন করেও কোনো ফল হয়নি।
শনিবার সকাল সাড়ে ৯টায় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজের একাডেমিক ভনের সব শ্রেণীকক্ষ থেকে ছাত্রছাত্রীদের বের করে দিয়ে একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়। একই ফটকে প্রায় ৩০টি তালা লাগানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক ছাত্র শনিবার বিকেলে বলেন, দাবি মানা না হলে আমরা কলেজের প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করাসহ সার্বিক কার্যক্রম বন্ধ করে দেব।
ওই পরীক্ষার্থী আরও বলেন, কলেজের অধ্যক্ষ সর্বশেষ ২৩ নভেম্বর ক্যাম্পাসে এসেছিলেন। এরপর তাকে আর দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২২৭ ঘ.
bdnews24