গাজীপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষের (অনার্স পার্ট- ২) ইংরেজি আবশ্যিক বিষয়ের প্রশ্নপত্র দ্বিতীয় বার ফাঁসের অভিযোগ তদন্তে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি কার্যালয়ে উপাচার্য অধ্যাপক রাশিদুল হাসানের সভাপতিত্বে কর্মকর্তাদের এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সাহাবউদ্দিন আহমেদ জানান, সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ এনামুল করিম শহীদকে প্রধান করে গঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন ও অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজ আল হোসাইনকে সদস্য করা হয়েছে।
পরীক্ষা পদ্ধতি পর্যালোচনা করে এর ত্র"টি-বিচ্যুতি বের করার জন্য আরেকটি কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক রাশিদুল হাসান সাংবাদিকদের বলেন, "প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় 'মডারেশন' শাখা জড়িত থাকতে পারে। এজন্য ইতোমধ্যে ওই শাখার সব কর্মকর্তা কর্মচারীকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এছাড়া রোববার প্রাশসনিক ক্ষেত্রে বেশ কিছু রদবদল করা হবে।"
রাশিদুল হাসান বলেন, "বিশ্ববিদ্যালয়ের একাধিক টিম রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফাঁস হওয়া ইংরেজি প্রশ্ন পত্রের সাতটি খণ্ডাংশ উদ্ধার করেছে। মূল প্রশ্নপত্রের সঙ্গে এগুলোর কিছু কিছু মিল রয়েছে। এজন্য কোনো রকম দ্বিধা ছাড়াই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।"
উপাচার্য বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব সমস্যা অনেক পুরনো এবং গভীর। রাতারাতি তা ঠিক করা সম্ভব নয়।"
এদিকে শনিবার ও রোববারের অনার্স পার্ট- ২ এর ইংরেজি আবশ্যিক পরীক্ষার তারিখ ২৯ ও ৩০ জানুয়ারি পুননির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২০৯ ঘ.
bdnews24