সাভার, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা করে ছাত্রলীগ নেতারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত বুধবার ও বৃহস্পতিবার ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের পর শুক্রবার ক্যাম্পাস অনেকটা শান্ত থাকলেও চাপা উত্তেজনা বিরাজ করছিল। উভয়পক্ষ হামলা বা পাল্টা হামলার প্রস্তুতি নিয়ে হলে অবস্থান করায় আবার সংঘাতের আশঙ্কা রয়ে গেছে।
ঘটনা তদন্তে অধ্যাপক নুরুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় দিবস পালন করার সিদ্ধান্ত বহাল রেখেছে প্রশাসন। তবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও কর্মসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সহকারী প্রক্টর মাফরুহী সাত্তার টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাস শান্ত রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
বৃহস্পতিবার রাতে জাবি ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সাভার থানায় একটি মামলা করেন। মামলায় ছাত্রদলের সভাপতি পারভেজ মল্লিক (২৪), জিয়া (২৪), জাকির (২৩) সাইদ (২৩), রাজু (২২), রিগান (২২), সজিব (২২), সহিদ (২২), হানিফ (২৩), মোনায়েম (২৩), জিকু (২২), আশিক (২২), মুক্তা (২৫), অয়ন (২২), রনি (২২) ও অজ্ঞাত নামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবুবক্কর সিদ্দিক বলেন, "আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
শুক্রবার দুপুরে কামাল উদ্দিন হলের ছাত্রলীগ নেতা নির্ঝর আলম সাম্য আশুলিয়া থানায় আরেকটি মামলা করেন।
এই মামলায় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রবি (২৬), ইমতিয়াজ সহিদ গালিক (২৫), আনিসুর রহমান লিংকন (২৩), তানজিম (২৪), রাসেল (২৩), সামসুদ্দোহা পারভেজ (২৫), জিয়া (২৪), মুক্তা (২৫), মামুন (২৫), সোহেল (২৫) ও অজ্ঞাত নামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ পরিদর্শক মিজানুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, রাতে জাবিসহ সাভার আশুলিয়া এলাকায় ছাত্রদল নেতা-কর্মিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।
এছাড়া আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার ও বৃহস্পতিবার দিনভর ছাত্রদল ও ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক জনি ও ছাত্রদল সহ দপ্তর সম্পাদক লিংকন এবং মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট ড. সোহেল রানাসহ ৩০ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০২ ঘ.
bdnews24