চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোজা ও পূজার বন্ধের পরে আগামী ২৪ অক্টোবর খুলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর একদিন আগে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৪৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টিও আলোচিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "পরিবর্তিত পরিস্থিতির কারণে রমজান ও পূজার আগে বিশ্ববিদ্যালয় খোলা যাচ্ছে না। এজন্য রমজান, পূজা ও শরৎকালীন বন্ধ মিলিয়ে বিশ্ববিদ্যালয় ২৩ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
সিন্ডিকেট সদস্য ও একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী জানান, বিশ্ববিদ্যালয় ২৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকলেও অফিসের কার্যক্রম চলবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত শরৎকালীন ও পূজোর বন্ধ কমিয়ে ২৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএআর/এসএনডি/১৮১৮ ঘ.
bdnews24