ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আগামী রোববার বিকেল ৪টায় প্রকাশ করা হবে। শুক্রবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, ২০০৭ সালে দেশের সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডগুলোর অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল ২৬ আগস্ট বিকেল চারটায় কেন্দ্রগুলো থেকে একযোগে প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা পরীক্ষা কেন্দ্র থেকে ফলাফল জানতে পারবেন।
এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েব সাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে তার লিংক থাকবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ৩৩৩৩, ২৭৭৭, ২৩২৩ ও ৪৯২৯ নম্বরে মেসেজ পাঠাতে হবে।
অবশ্য শিক্ষাবোর্ড বা শিক্ষামন্ত্রণালয়ে যোগাযোগ করে ফলাফল পাওয়া যাবে না বলে ওই তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেকে/২২৪৬ ঘ.
bdnews24