২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সাবেক ভিসিসহ তিন শিক্ষক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান এবং রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সোবহানকে বৃহস্পতিবার গভীর রাতে আটক করা হয়েছে। সাদা পোশাকধারী যৌথবাহিনীর সদস্যরা তাদের আটক করে। শুক্রবার বিকালে আটক করা হয়েছে রাবির ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মলয় কুমার ভৌমিককে। এদিকে, রাবিতে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা আড়াই হাজার ব্যক্তিকে আসামি করে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) ফারুখ হোসেন বুধবার রাতে এই মামলা দায়ের করেন। তবে পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 08:45 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

রাজশাহী, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান এবং রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সোবহানকে বৃহস্পতিবার গভীর রাতে আটক করা হয়েছে। সাদা পোশাকধারী যৌথবাহিনীর সদস্যরা তাদের আটক করে। শুক্রবার বিকালে আটক করা হয়েছে রাবির ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মলয় কুমার ভৌমিককে। এদিকে, রাবিতে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা আড়াই হাজার ব্যক্তিকে আসামি করে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) ফারুখ হোসেন বুধবার রাতে এই মামলা দায়ের করেন। তবে পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রফেসর সাইদুর রহমান খানের জামাতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রহমতুল্লাহ ইমন বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে তিনটার দিকে র‌্যাবের পরিচয়ে কয়েকজন সাইদুর রহমান খানকে ডেকে নিয়ে চলে যায়। তবে তাকে কী অভিযোগে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানানো হয়নি। রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক আব্দুস সোবহানের মেয়ে সানজানা সোবহান জানান, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে তার বাবাকে র‌্যাব সদস্যরা 'কথা আছে' বলে নিয়ে যায়। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা তা জানানো হয়নি। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভগ্নিপতির বাসা থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিককে আটক করে বলে বিবিসি জানায়। তার বোন কল্পনা রায় বিবিসিকে জানান, জিজ্ঞাসাবাদের কথা বলে মলয় ভৌমিককে নিয়ে যাওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে অধ্যাপক ভৌমিকের বাসায় দুদফা অভিযান চালানো হয়। কিন্তু ওই সময় তিনি বাসায় ছিলেন না। তিনি ক্যাম্পাসে তার ভগ্নিপতির বাসায় ছিলেন। শুক্রবার সকালে মলয় ভৌমিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব পরিচয়ে তার বাসায় রাত ১০ টার দিকে এক বার এবং পরে দুইটার পরে দ্বিতীয় বার খোঁজ করা হয়। তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজনে তাকে ডাকা হলে কিংবা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যে কোনো সময় সাড়া দেবেন। রাবির বাংলা বিভাগের প্রফেসর ড. সুজিত সরকারকেও বৃহস্পতিবার দুপুরে তার বাড়িতে গিয়ে খোঁজা হয় বলে জানিয়েছেন তার স্ত্রী অঞ্জনা সরকার। তবে আটক কাউকেই থানায় সোপর্দ করা হয়নি বলে জানান মতিহার থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৬ ঘ.