ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি শুরুর আগের রাতে এ ব্যাপারে কয়েকজন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। শনিবার কালোব্যাজ ধারণ এবং রোববার আধাবেলা কর্মবিরতির কর্মসূচি রয়েছে শিক্ষকদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান শুক্রবার রাতে মহানগর পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা শিক্ষক সমিতির অফিসে গিয়ে কর্মসূচি সম্পর্কে খোঁজ খবর নেন। আওয়ামী পন্থী বলে পরিচিত সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী জানান, পুলিশের একজন কর্মকর্তা ক্যাম্পাসের ফুলার রোডে তার বাসায় এসে তাকে নানা প্রশ্ন করেছেন।
কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, "এটাকে ঠিক জিজ্ঞাসাবাদ বলা যায় না। কর্মসূচি সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছিল। কী কর্মসূচি, কীভাবে পালিত হবে এসব বিষয়ে জানতে চেয়েছে।"
আওয়ামী পন্থী বলে পরিচিত আজাদ চৌধুরী রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের একজন কর্মকর্তা আমার বাসায় এসে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি, শিক্ষকরা কী চায়, কর্মসূচি কতদূর যাবে, জরুরি অবস্থায় আন্দোলনে যাওয়া ঠিক হচ্ছে কী না -- এসব বিষয়ে কথা বলেছেন।"
কী কারণে আপনাকে এতসব জিজ্ঞেস করা হল জানতে চাইলে তিনি বলেন, "এসব বিষয়ে আমার কাছে কেন জানতে চাওয়া হল এবং তারা আসলে কী চায় সেটা আমার কাছেও পরিস্কার নয়। "
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক হারুন-অর-রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর পুলিশের বিশেষ শাখার কয়েকজন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। শিক্ষক ক্লাবে এসে তার কাছে আন্দোলনের কর্মসূচি কীভাবে নেওয়া হল, কর্মসূচির বিষয়ে পুনরায় চিন্তা ভাবনা করা যায় কি না, কর্মসূচি সব শিক্ষকের ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে কি না এসব বিষয় জানতে চেয়েছে।
এ ব্যাপারে রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি অবশ্য বলেন, "আমি শিক্ষকদের জিজ্ঞাসাবাদের বিষয়ে কিছু শুনিনি।"
শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মুক্তির দাবিতে বৃহস্পতিবার এক সভা করে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। হাসিনার গ্রেপ্তারের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বাইরে এই শিক্ষক সমিতিই প্রথম কর্মসূচি এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। শিক্ষক সমিতি একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হয়রানি করার অভিযোগ করে তা বন্ধ করার জোর দাবি তোলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির ওই জরুরি সভায় প্রায় দুইশ শিক্ষকের উপস্থিতিতে আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা হয়। 'পক্ষপাতমূলক বক্তব্য দিয়ে উপদেষ্টা হিসেবে নেওয়া শপথ ভঙ্গের' অভিযোগে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের অপসারণও দাবি করে শিক্ষক সমিতি। সেইসঙ্গে আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জাতীয় রাজনৈতিক নেতাদের হেনস্তা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া জরুরি অবস্থা তুলে নিয়ে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনেরও দাবি জানান শিক্ষকরা। দাবি বাস্তিবায়িত না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জিএমএ/জেএফ/এমএইচবি/০২৩৬ ঘ.
bdnews24