২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির আবাসিক হলে গভীর রাতে পুলিশের অভিযান

ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য সোমবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে এ অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। অভিযানের খবর আগেই জানতে পেরে ছাত্রলীগ কর্মীরা সরে পড়ে বলে দাবি করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 08:53 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য সোমবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে এ অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। অভিযানের খবর আগেই জানতে পেরে ছাত্রলীগ কর্মীরা সরে পড়ে বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি গোলাম মুর্তোজা অন্তু এবং মাহবুব আলম রনি জানান, রাত সাড়ে ১২টায় জগন্নাথ ও সূর্যসেন হলে তল্লাশির মাধ্যমে অভিযান শুরু হয়। কিন্তু প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি। সূর্যসেন হলে একজন বহিরাহগতকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয় পুলিশ। জগন্নাথ ও সূর্যসেন হলে তল্লাশি শেষে জহুরুল হক এবং জসিমউদ্দিন হলে অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানেও আধা ঘণ্টা তল্লাশি করে কোনো ছাত্রলীগ কর্মীকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি তালিকা নিয়ে তারা অভিযান বের হন। কিন্তু অভিযানের খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা আগেই সরে পড়েন। সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম পুলিশের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, এটা পুলিশের একটি রুটিন অভিযান। তবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে না পারে সেজন্য এই অভিযানে বিশেষ দৃষ্টি রাখা হয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক সংগঠনের কার্যক্রম এখন না থাকলেও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা হলে আছেন। অবশ্য শাহবাগ থানার উপ-পরিদর্শক আখতার মোর্শেদ রাত ২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ নেতা-কর্মীদের ধরার জন্য নয়, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের একটি তালিকা নিয়ে আমরা অভিযান চালিয়েছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এমএআর/জেকে/এমএইচবি/০২৩৫ ঘ.