২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো ২২ বছর ধরে বেদখল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি ছাত্রাবাসের ১১টি গত ২২ বছর ধরে বেদখল হয়ে আছে। একটি ছাত্রাবাস বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকলেও তাতে ছাত্ররা থাকেন না, থাকেন কর্মচারীরা। ঠিক কতটি ছাত্রাবাস ছিল এবং সেগুলো কী অবস্থায় আছে প্রবীণ কিছু শিক্ষক ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের অধিকাংশই তা জানেন না। কোনওটিতে এখন স্কুল হয়েছে, কোনটিতে মাদ্রাসা। কোনটিতে থাকছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

নূরচ্ছাফা ইস্কান্দার বিডিনিউজ টুয়েন্টিফোর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি ছাত্রাবাসের ১১টি গত ২২ বছর ধরে বেদখল হয়ে আছে। একটি ছাত্রাবাস বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকলেও তাতে ছাত্ররা থাকেন না, থাকেন কর্মচারীরা। ঠিক কতটি ছাত্রাবাস ছিল এবং সেগুলো কী অবস্থায় আছে প্রবীণ কিছু শিক্ষক ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের অধিকাংশই তা জানেন না। কোনওটিতে এখন স্কুল হয়েছে, কোনটিতে মাদ্রাসা। কোনটিতে থাকছে পুলিশ। একটিতে আবার বসেছে বিপণি বিতান। কোনটি গুদাম হিসেবেও ব্যবহার হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৮৮৪ সালে জগন্নাথ কলেজ প্রতিষ্ঠার পর কর্তৃপক্ষ ছাত্রাবাসের জন্য দুটি ভবন কেনে। বাকি ভবনগুলো ইজারা নেওয়া হয়। ১৯৮৫ সালের ফেব্র"য়ারিতে ছাত্রদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর ছাত্রাবাসগুলো বেদখল হয়ে যায়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল দুই দফা ছাত্রবাসগুলো পরিদর্শন করে। কিন্তু নিরাপত্তাহীনতার অজুহাতে হলগুলোতে ছাত্রদের থাকার অনুমতি দেওয়া হয়নি। এরপর হলগুলো দখলের জন্য ১৯৯৯ সালে তৎকালীন কলেজ কর্তৃপক্ষ মামলা করে। এসব মামলায় রায় কলেজের পক্ষে হলেও উদ্ধার হয়নি ছাত্রাবাসগুলো। ২০০৫ সালে সাবেক পরিকল্পনা সচিব বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক অধ্যাপক আয়েশা শিরিন ছাত্রাবাসগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন। সচিব সেসময় ঢাকার জেলা প্রশাসক আব্দুল বারীকে হলগুলো পুনরুদ্ধারের নির্দেশ দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) দেলোয়ার হোসেনকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত সে নির্দেশ বাস্তবায়িত হয়নি। বর্তমান উপাচার্য সিরাজুল ইসলাম খাঁন দায়িত্ব নেওয়ার পর হলগুলো পরিদর্শন করে তা উদ্ধারে কমিটি করা হয়। কিন্তু এরপরও কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে উপাচার্য সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলগুলো উদ্ধারের জন্য আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি করেছি। হলের কাগজপত্র খতিয়ে দেখার জন্য একটি সিএ ফার্মকেও কাজ দিয়েছি। তাদের প্রতিবেদন পাওয়ার পর আমরা হলগুলো উদ্ধারের বিষয়ে অগ্রসর হব।" বিশ্ববিদ্যালয়ের ১২টি ছাত্রাবাসে সরেজমিনে গিয়ে দেখা গেল একসময় শিক্ষার্থীদের আবাসনের জন্য তৈরি হলেও এখন সেগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। বংশালের ২৬ মোগলটুলী ঠিকানায় বজলুর রহমান হল ছাত্রাবাসের এখনকার পরিচয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। ২০০৬ সালের ২৬ মার্চ তারিখে স্কুলটির উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন। ৭১ নম্বর ওয়ার্ড কমিশনার হোসেন মোল্লা স্কুলটির তত্ত্বাবধানের দায়িত্বে আছেন। এই ছাত্রাবাসের সর্বশেষ সুপার ছিলেন অধ্যাপক আব্দুস সালাম। এক বিঘা জমির ওপর গড়ে ওঠা শহীদ আনোয়ার শফিক হল এখন পণ্যের গুদাম। গুদামের একটি অংশের তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি মোক্তার হাজী। এই ভবনে সোনার গাঁ ট্রান্সপোর্ট নামে তার একটি দোকান রয়েছে। ছাত্রবাসের একটি অংশ ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক বাবু বাজার শাখায় দায়বদ্ধ এবং অপরাংশে মালিক হিসাবে হাজী আবুল বাশার ও সালেহা বেগমের নামে একটি সাইনবোর্ড রয়েছে। শহীদ আনোয়ার শফিক হলের সর্বশেষ সুপার ছিলেন অধ্যাপক মোহাম্মদ বসুনিয়া। ড. হাবিবুর রহমান হল এখন পুলিশ আর ব্যবসায়ীদের দখলে। পুরনো ও ঝুঁকিপূর্ণ এই ছাত্রাবাস ভবনে ১৪ বছর যাবৎ পুলিশের আটটি পরিবার বসবাস করছে। ভবনের বাইরের অংশটি দখল করেছেন ব্যবসায়ীরা। এই ছাত্রাবাসের সর্বশেষ সুপার ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক আবুল হাসেম। পুরান ঢাকার স্টার সিনেমা হলের পিছনে দুই বিঘা জমির ওপর এককালের কুমারটুলী হলটি পরিণত হয়েছে রিকশা গ্যারেজে। স্থানীয় কমিশনার মোয়াজ্জেম এখানে গ্যারেজ বসিয়েছেন বলে জানা যায়। ভবনে একটি সাইনবোর্ডও রয়েছে। তাতে লেখা আছে, 'খরিদ সূত্রে এই জমির মালিক আফছার আলী মৃর্ধা, বায়না সূত্রে মালিক খন্দকার মঞ্জুর আলম।' ১৫/১৭/২০ যদুনাথ বসাক লেন, টিপু সুলতান রোডের সাইদুর রহমান হলটি জাল দলিলের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন এটি ব্যবহৃত হচ্ছে রিকশা গ্যারেজ ও গুদাম হিসেবে। ছাত্রাবাসটির সর্বশেষ সুপার ছিলেন অধ্যাপক আশরাফ আলী খাঁন। আব্দুর রহমান হলের অবস্থান আরমানীটোলার বটতলায়। ভবনটি প্রস্তাবিত বংশাল থানার জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে কিছু ছিন্নমূল পরিবার এই ভবনে বসবাস করছেন। ছাত্রাবাসের সর্বশেষ সুপার ছিলেন অধ্যাপক ওয়াকেপ হোসেন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম কোণে পাটুয়াটুলী হলের জায়গায় এখন ছয় তলা ক্রাউন মার্কেট মাথা ঊঁচু করে দাঁড়িয়ে। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী জানান, সাবেক এক অধ্যক্ষ ও কয়েকজন ছাত্র নেতা মিলে জায়গাটি বিক্রি করে দিয়ে শিক্ষার্থীদের ছাত্রাবাস থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন। বিশ্ববিদ্যালয়ের হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ ধরনের কোনো বিক্রির হিসাব পাওয়া যায়নি। শহীদ সাহাবুদ্দিন হলটি বর্তমানে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের দখলে রয়েছে। তাঁতিবাজারের ঝুলন বাড়িতে আড়াই বিঘা জমির উপর চার তলা এই ভবনের নিচ তলা ছাড়া পুরোটাতেই পুলিশ থাকে। নিচ তলাটি এখন কয়লার গুদাম। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি প্রায় ১৪ বছর ধরে এই ভবনে বসবাস করছেন। ১৯৯১ সালে এখানে আনসার ক্যাম্প করা হয়। পরে পুলিশ এর নিয়ন্ত্রণ নেয়। ছাত্রবাসটির সর্বশেষ সুপার ছিলেন অধ্যাপক আব্দুল গফুর। ৬ গোপী মোহন বসাক লেনের নজরুল ইসলাম হলটি এখন পরিণত হয়েছে মাদ্রাসায়। জাতীয় পার্টির নেতা ও সাবেক কমিশনার আওলাদ হোসেন দীলিপ এখানে নিজের বাবার নামে মাদ্রাসা খুলেছেন। এই ছাত্রাবাসের সর্বশেষ সুপার ছিলেন অধ্যাপক আমজাদ হোসেন মিয়া। ভূমি জালিয়াতি চক্র দলিল জাল করে রউফ মজুমদার হলের জমি বিক্রি করে দেয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, ছাত্রাবাসটি এখন স্থানীয় সন্ত্রাসী কালিচান ও আলী গুন্ডার দখলে রয়েছে। এর সর্বশেষ সুপার ছিলেন নূর হোসেন। এছাড়া কুমারটুলীর এরশাদ হলের পরিত্যক্ত ভবনটি এখন কিছু ভাসমান মুনুষের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। অন্যদিকে প্যারিদাস রোডের বাণী হলটিই কেবল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দখলে রয়েছে। তবে ছাত্ররা নয়, বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারী এখন এই ভবনে বসবাস করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমআই/১৮৫২ ঘ.