জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মূল বরাদ্দের প্রায় ৭০ ভাগ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৭ - ০৮ অর্থবছরের জন্য ৪৮ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল হাই সিনেট হলে বুধবার ২০০৭-'০৮ সালের প্রস্তাবিত এবং ২০০৬-০৭ সালের ৪৫ কোটি ৫২ লাখ টাকার সংশোধিত বাজেট উত্থাপণ করেন।
গত বছরের তুলনায় এ এ বছর গ্রন্থাগারের বই ও সাময়িকী খাতে বরাদ্দ ১৯ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৬ লাখ টাকা ও শিক্ষার্থীদের পাঠক্রম বহির্ভূত ও সাংস্কৃতিক কার্যক্রম খাতে সাড়ে আট লাখ থেকে ১০ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তার বক্তব্যে এবারের বাজেটকে সুষম বাজেট উল্লেখ করে জানান, বাজেটের ৪৮ কোটি ৪০ লাখ টাকার মধ্যে ৪৪ কোটি ৬০ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সম্পদ থেকে আয় হিসেবে ৩ কোটি ৮০ লাখ টাকা ধরা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০০৭-০৮ সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ৫ কোটি ৫০ লাখ টাকা পাওয়া যাবে বলে কোষাধ্যক্ষ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২১৩২ ঘ.
bdnews24