২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২৩ কোটি টাকার বাজেট

২০০৭-'০৮ অর্থ বছরের জন্য ১২৩ কোটি ২৪ লাখ ২৮ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ শনিবার গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কনফারেন্স রুমে অনুষ্ঠিত ত্রয়োদশ সিনেট অধিবেশনে এ বাজেট উপস্থাপন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

গাজীপুর, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৭-'০৮ অর্থ বছরের জন্য ১২৩ কোটি ২৪ লাখ ২৮ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ শনিবার গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কনফারেন্স রুমে অনুষ্ঠিত ত্রয়োদশ সিনেট অধিবেশনে এ বাজেট উপস্থাপন করেন। অনুমোদিত বাজেটে ৭৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার টাকা রাজস্ব খাতে এবং ৪৯ কোটি ৭১ লাখ ৩৭ হাজার টাকা উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে। অধ্যাপক ড. জামাল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজস্ব খাতের ২৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা--কর্মচারীদের বেতনভাতা বাবদ। বাকি অর্থ ব্যয় হবে অন্য আটটি খাতে। সিনেট অধিবেশনে গত অর্থ বছরের ৭৬ কোটি ৪৩ লাখ ২৯ হাজার সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। গতবারের তুলনায় এবারের বাজেটের অঙ্ক ৪৬ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকা বেড়েছে। বাজেটে তিনটি খাত থেকে মোট ৭৩ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকা আসবে বলে ধরা হয়েছে। এর মধ্যে কলেজগুলোর শিক্ষার্থীদের পরীক্ষা ফি থেকে আসবে ৭১ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকা। কলেজে শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ পাওয়া যাবে ১ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে নেওয়া হবে ৫০ লাখ টাকা। বাজেটে উন্নয়ন খাতের ৪৭ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার টাকা আসবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে। বাকি এক কোটি ৭৫ লাখ টাকা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে আসবে বলে ধরা হয়েছে। আর মূল ও সংশোধিত রাজস্ব ব্যয়ের সম্পূর্ণ সংস্থান করবে বিশ্ববিদ্যালয়। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহমদ। বক্তব্য রাখেন সহ-উপাচার্য ড. সৈয়দ রাশিদুল হাসান, ভারপ্রাপ্ত নিবন্ধক শমসের--উজ--জামান প্রমুখ। ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম নিজস্ব ক্যাম্পাসে সিনেট অধিবেশন হয়। অধিবেশনে ৫৭ জন সদস্যের মধ্যে ৪০ জন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮০৩ ঘ.