২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আবার হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শুক্রবার আবারও হামলা চালিয়েছে ছাত্রদল কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 04:07 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শুক্রবার আবারও হামলা চালিয়েছে ছাত্রদল কর্মীরা। হামলায় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সৌমিত্র কুমার দাশ, একই সংগঠনের কর্মী অঞ্জন দাশ এবং সরকার ও রাজনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হুমায়ুন আহত হন। এর মধ্যে সৌমিত্র ও অঞ্জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর গত ১২ দিনে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের হামলায় এ পর্যন্ত ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় রাহাত, সোহাগ, ইশতিয়াক, মেহেদীসহ মওলানা ভাসানী হল ছাত্রদলের ছয়-সাতজন কর্মী খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত সৌমিত্র, অঞ্জন ও হুমায়ুনের ওপর রড ও লাঠি নিয়ে চড়াও হয়ে ব্যাপক মারধর করে। পরে ওই তিন শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সৌমিত্র ও অঞ্জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সৌমিত্র বলেন, "শিক্ষার্থীদের আন্দোলন দমানোর অপকৌশল হিসেবে কর্তৃপক্ষ আমাদের ওপর ছাত্রদলের কর্মীদের লেলিয়ে দিয়েছে।" এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলন শুরুর পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অথচ আন্দোলনকারীদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টর অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহসান ছাত্রদলের হামলার ঘটনায় কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, "এ বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে তদন্ত করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৫৫ ঘ.