২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা হবে: সা'দত হোসাইন

সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সা'দত হোসাইন বলেছেন, কমিশন যত দ্রুত সম্ভব ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা এবং পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম শেষ করার ব্যবস্থা করবে। তবে এজন্য ২৮ তম বিসিএস পরীক্ষার কার্যক্রম বিলম্বিত হওয়ার সম্ভাবনা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 05:07 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সা'দত হোসাইন বলেছেন, কমিশন যত দ্রুত সম্ভব ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা এবং পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম শেষ করার ব্যবস্থা করবে। তবে এজন্য ২৮ তম বিসিএস পরীক্ষার কার্যক্রম বিলম্বিত হওয়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, শুরু থেকেই প্রতিষ্ঠানটি খুব বেশি স্বচ্ছ নয়। তাঁর পক্ষে প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার করা সম্ভব হলেও সদস্য নিয়োগের ক্ষমতা সরকারের হাতে। তাই সরকারকেই স্বচ্ছতা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দল-মতের উর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিতে হবে। যেসব ক্ষেত্রে সংস্কার আনা প্রয়োজন বলে তিনি মনে করবেন সেটা সরকারকে জানাবেন যাতে সরকারের পক্ষে উদ্যোগ নেওয়া সহজ হয়। এদিকে ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করায় উত্তীর্ণ প্রার্থীদের অনেকেই বিক্ষুব্ধ। তবে কেউ কেউ মনে করেন, নিয়োগ প্রক্রিয়া নিয়ে যদি প্রশ্নের অবসান হলে সেটাই ভালো। তাদের দাবি মৌখিক পরীক্ষা নেওয়ার আগেই পিএসসির সংস্কার জরুরি। আর পিএসসির ভেতরের একটি চক্র দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পিএসসির সংস্কার করা হোক। লিখিত পরীক্ষায় খাতা বদল করে দেওয়া ও মূল্যায়নে ঘাপলাসহ অন্যান্য বিষয়ে প্রার্থীরা যেসব লিখিত অভিযোগ দিয়েছেন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চারদের কেউ কেউ মনে করেন মৌখিক পরীক্ষা নতুন করে দেওয়া হলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া প্রার্থীরা ঝরে যাবেন। আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন যিনি ২৭ তম বিসিএস পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি হয়েছে এমন অভিযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি পরীক্ষা বাতিলের পর বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সাংবিধানিক, প্রশাসনিক ও মানবিক দিক বিবেচনায় পুরোপুরি বাতিল করা কঠিন। আবার কোনো ধরণের ব্যবস্থা না নিলেও দুর্নীতির বিষয়টি আমলে না নিয়ে কম যোগ্যতা সম্পন্নদের নিয়োগ দিলে রাষ্ট্রকে আগামী আড়াই-তিন দশক ধরে দায় টানতে হতো। এ অবস্থায় সার্বিক দিক বিবেচনা করে উপদেষ্টা পরিষদ মৌখিক পরীক্ষা পুনরায় গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় পুরোপুরি না হলে অনেকখানি স্বচ্ছতা আসবে। নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের একজন মোহাম্মদ শামীম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " ২৭ তম বিসিএস এর গোড়াতেই গলদ রয়েছে। প্রাথমিক নির্বাচনী ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। যারা প্রশ্নপত্র পেয়েছে তারা অনেক নম্বর বেশি পেয়ে এগিয়ে আছেন। এ অবস্থায় পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হলে কেবল আংশিক দুর্নীতির প্রতিকার হতে পারে।" চাকরি পাওয়া প্রার্থীরা বলছেন, দুর্নীতি কেবল প্রার্থীরা করেনি। পিএসসির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা জড়িত না থাকলে দুর্নীতি করার সুযোগ কোনো প্রার্থীর নেই। এজন্য প্রথমেই দুর্নীতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত ছিল। এটা না করে আবার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে কেবল প্রার্থীরাই ভোগান্তির শিকার হচ্ছে। সত্যিকার মেধার যোগ্যতা দিয়ে যারা নিয়োগ পেয়েছেন তাদের প্রতি অবিচার হচ্ছে। এ অভিমত উত্তীর্ণ প্রার্থী মাহমুদ হাসানের। কমপক্ষে ১০ জন প্রার্থী একই প্রতিক্রিয়া জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জিএনএ/২৩০১ ঘ.