সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন
সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ--উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য সরকার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে।
মঙ্গলবার এক তথ্য বিবরনীতে বলা হয়েছে ,সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় সার্চ কমিটি নামের ওই কমিটি গঠনের আদেশ দেয়।
এতে বলা হয়েছে, শিক্ষা সচিবকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি ড. ফরাস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পদ মর্যাদার একজন প্রতিনিধি, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়) ও উপ--সচিব (বিশ্ববিদ্যালয়)।
সার্চ কমিটি বিশ্ববিদ্যালয়গুলো থেকে অধ্যাপকদের হালনাগাদ তালিকা সংগ্রহ করে তাদের মধ্যে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্য, উপ--উপাচার্য ও কোষাধ্যক্ষ এর শূন্য পদে নিয়োগের জন্য সৎ ও যোগ্যতর প্রাথী বাছাই করবে। কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শূন্য পদ পূরণের জন্য একটি পদের বিপরীতে তিন জন অধ্যাপকের নাম সুপারিশ করবে।
ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে উপাচার্য নিয়োগ পদ্ধতি ভিন্নতর হওয়ায় এ বিশ্ববিদ্যালয়গুলো সার্চ কমিটির আওতার বাইরে থাকবে।
