ঢাবির তিন ছাত্র সাময়িক বহিষ্কৃত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শিফারুল শেখকে মারধর করার অপরাধে অভিযুক্ত তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ জানান, শনিবার তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে না এ মর্মে কারণ দেখাতে তাদের একটি নোটিশও দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর গত বৃহস্পতিবার ওই তিন ছাত্রকে সলিমুল্লাহ মুসলিম হল থেকে বহিস্কার করা হয়।
অভিযুক্ত তিন ছাত্র হলো ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের রাহিদুল ইসলাম বাবুল, মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের আবু সালেহ মো. সোহেল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের আতিকুল ইসলাম। এরা ছাত্রদলের হল কমিটির সহ-সম্পাদক বলে জানা গেছে।
গত বুধবার দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিফারুলকে ওই তিন শিক্ষার্থী মারধর করে। আগের দিন মঙ্গলবার ভোরের কাগজে ‘জোট সরকারের আমলে দলীয় বিবেচনায় সাড়ে আটশ শিক্ষক কর্মকর্তা নিয়োগ’ শিরোনামে শিফারুলের একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
