বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিদেশ যাওয়ার অনুমতি পেতে নতুন নিয়ম
বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-কর্মকর্তার মূল বেতন ১৫ হাজার টাকার বেশি, এখন থেকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে হলে তাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অনুমতি নিতে হবে।
তবে যাদের মূল বেতন ১৫ হাজার টাকা বা তার কম তাদের ক্ষেত্রে তিনমাসের ছুটির অনুমতি উপাচার্যই দিতে পারবেন।
২২ এপ্রিল ২৬ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই নতুন নিয়মে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
আগের নিয়ম অনুযায়ী, উপাচার্য নিজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের তিন মাসের ছুটি দিতে পারতেন। এ বছর ৩১ জানুয়ারি আগের নিয়মটি বাতিল করে দিয়ে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমতি নেওয়ার আদেশ জারি করা হয়। ৪ এপ্রিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক আদেশ অনুযায়ী ২২ এপ্রিল ইস্যু করা চিঠির মাধ্যমে ১৫ হাজার বা তার কম বেতনভুক্ত শিক্ষক কর্মচারীদের ছুটির অনুমতি দেওয়ার ক্ষমতা উপাচার্যের হাতে ছেড়ে দেওয়া হয়।
শিক্ষকরা এই নতুন নিয়মের সমালোচনা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, “এটি একটি কালাকানুন। এগুলো আইয়ুব খানের আমলে ছিলো। শিক্ষকরা যখন সেমিনার, সিম্পোজিয়ামে যোগ দিতে অল্প সময়ের জন্য বিদেশে যাবেন তখনও যদি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমতি নিতে হয় তাহলে ঝামেলা অনেক বেড়ে যাবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, এই নিয়ম শিক্ষকদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। সরকার কেন এ নিয়ম করলো তা আমাদের কাছে পরিষ্কার না। আশা করি সরকার বিষয়টি বুঝতে পারবে এবং নিয়মটি তুলে নেবে।
তিনি জানান, রোববার বিকেলে শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ বিষয়ে আলোচনা হবে।
