২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অর্থনীতি বিভাগের ২৭ ভুয়া শিক্ষার্থীর তালিকা মঞ্জুরি কমিশনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আরো ২২ জন ভুয়া শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। এর আগে একই বিভাগে আরো পাঁচজন ভুয়া শিক্ষার্থীর খোঁজ পাওয়া গিয়েছিল। অর্থনীতি বিভাগ থেকে এই ২৭ ভুয়া শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মঞ্জুরি কমিশনে পাঠানো এ তালিকায় শিক্ষার্থীদের নামের পাশে তাদের বিরুদ্ধে আনা অভিযোগও উল্লেখ করা হয়েছে। এদের কেউ কেউ ভুয়া কাগজ দাখিল করে বিভিন্ন কোটায় ভর্তি হয়েছেন। কেউ শিক্ষাগত যোগ্যতা ও অনুমোদনসংক্রান্ত জাল কাগজ জমা দিয়েছেন। কেউ আবার মেধা তালিকায় স্থান না পেলেও ঘুষ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে প্রধান করে গঠিত একটি তদন্ত কমিটি ভুয়া শিক্ষার্থী খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে। এ কমিটি এর আগে ৩০ জন ভুয়া শিক্ষার্থী শনাক্ত করে। গত ১৫ মার্চ সিন্ডিকেটের সভায় তাদেরকে বহিস্কার করা হয়। তদন্ত কমিটি এ পর্যন্ত সব মিলিয়ে ৫২ জন ভুয়া শিক্ষার্থী শনাক্ত করল।

মঞ্জুরি কমিশনে যে ২৭ জনের তালিকা পাঠানো হয়েছে তারা হচ্ছে প্রথম বর্ষের রিফাত আরা ইসলাম (কুয়েত মৈত্রি হল), মো. নাসিরউদ্দিন, জান্নাতুল আফনান (রোকেয়া হল), শাহ মো. তারেক মনসুর (জিয়া হল), মো. মাসুদ পারভেজ, মো. সাইয়েদুল আলম (সলিমুল্লাহ হল), সাইফুল ইসলাম (অমর একুশে হল), সামিরাদুল ইসলাম, শামীম আক্তার, ফজলে রাব্বি, আশিকুর রহমান বোরহান (জিয়া হল), কে এম মাহফুজুর রহমান (সলিমুল্লাহ হল), আতিকা ফারিহা জেরিন, মো. বাহলুল আলম এবং ইরফান হাবিব; দ্বিতীয় বর্ষের মো. জাহাঙ্গীর হোসাইন (অমর একুশে হল), নাদিয়া ওয়াদুদ (শামসুন্নাহার হল) ও রোকসানা রহমান (শামসুন্নাহার হল); তৃতীয় বর্ষের মো. জাহিদ রেজা (সলিমুল্লাহ হল), মো. আবদুল্লাহ আল জুবাইর (অমর একুশে হল), আফরোজা পারভিন (কুয়েত মৈত্রি হল) ও মাইদুল ইসলাম (অমর একুশে); চতুর্থ বর্ষের দিপ্তী রায় (কুয়েত মৈত্রি হল), মির্জা ইরফাত জামান (কুয়েত মৈত্রি হল), মো. আল ফারুক (সলিমুল্লাহ হল) ও কে এম মুর্শেদ আলী (অমর একুশে হল) এবং এমএসএস চূড়ান্ত বর্ষের নাহিদ চৌধুরী (কুয়েত মৈত্রি হল)। এর ২০০-০১ শিক্ষা বর্ষ থেকে ২০০৫-২০০৬ শিক্ষা বর্ষে অর্থনীতি বিভাগে ভর্তি হন। মির্জা ইরফাত জামান, মো. আল ফারুক ও কে এম মুর্শেদ আলী চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিলেও তাদের ফলাফল স্থগতি রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি উঠিয়ে দেওয়া উচিত। এতে মেধার মূল্যায়ণ হয় না।” তিনি আরো বলেন, “ভুয়া শিক্ষার্থী ভর্তিতে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুয়া ভর্তি বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেয়া হবে। যারা সনদপত্র পেয়ে গেছে তা বাতিল করা হবে। এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”

কোটা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, “এ পদ্ধতি পর্যালোচনা করে দেখা হবে। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে খেলোয়ার কোটায় ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কেবল মুক্তিযোদ্ধা ও ওয়ার্ড কোটায় ভর্তি করা হচ্ছে। ভুয়া ভর্তিতে সহায়তা করার দায়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ কমকর্তা-কর্মচারীকে বরখাস্তও করা হয়েছে।”

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটায় ভর্তিতে বেশি জালিয়াতি হয়। এটা বন্ধ করে দেয়া উচিত।” তিনি জানান, অথর্নীতি বিভাগে যেসব ভুয়া শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে তারা বিভাগে আসা বন্ধ করে দিয়েছে।