খুলনায় বিএল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
নগরীর দৌলতপুর সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিভাগে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।
এ সময় তারা ১২ দফা দাবিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নাজির আহম্মেদের কাছে স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইংরেজি বিভাগের শিক্ষকরা নিয়মিত ক্লাস না নিয়ে প্রাইভেট পড়ানোর দিকে ঝুঁকছেন। প্রাইভেট না পড়লে মৌখিক ও টিউটোরিয়াল পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয়। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার কর্তৃপক্ষকে জানালেও কোনো ফল হয়নি।
এছাড়া ইংরেজি বিভাগে শ্রেণীকক্ষের অপ্রতুলতা, মাসিক ও বার্ষিক ম্যাগাজিন প্রকাশিত না হওয়াসহ বিভিন্ন সমস্যা আছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নাজির আহম্মেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীরা পিকনিকে যাবে বলে কলেজ ফান্ড থেকে বেশি টাকা দাবি করে। এটি না দেওয়ার তারা মিথ্যা অভিযোগ তুলেছে শিক্ষকদের বিরুদ্ধে।
সমস্যাগুলো নিয়ে আগামী শনিবার শিক্ষকদের সঙ্গে এবং সোমবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হবে বলে তিনি জানান।
