সংর্ষষের জেরে ডুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়েননি ছাত্ররা
সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল, ছাত্রলীগ ও শিবির নেতা--কর্মীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এরপর সন্ধ্যা ৭ টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও রাত সোয়া ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাধারণ ছাত্ররা হল ছাড়েননি। ডুয়েট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তারা উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ নিয়োগ করা হয়েছে। পাঁচটি ছাত্র হলের প্রায় এক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লাইবেরির সামনে অবস্থান নিয়েছেন।
ঘটনাস্থলে থাকা জয়দেবপুর থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল জানান, সোমবার বিকেলে ডুয়েট ফুটবল মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র বনাম শিক্ষকদের প্রীতি ফুটবল খেলা নিয়ে গোলযোগ শুরু হয়। প্রতিবার এই খেলায় ছাত্রদের পক্ষে মাঠে নামেন ডুয়েট ছাত্র সংসদ এবং ছাত্র সংগঠনের নেতা--কর্মীরা। জরুরি অবস্থার কারণে এবার ক্যাম্পাসে ছাত্র সংসদ এবং ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষকদের বিপক্ষে খেলার জন্য সাধারণ ছাত্রদের নিয়ে দল গঠন করা হয়।
সোমবার খেলা শুরুর সময় ছাত্রদল নেতৃত্বাধীন ছাত্র সংসদের নেতারা সাধারণ ছাত্রদের নিয়ে দল গড়ার প্রতিবাদ জানান। ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতারাও যোগ দেন তাদের সঙ্গে। এক পর্যায়ে ছাত্র লীগের সাধারণ সম্পাদক এন আলম জহির, একই সংগঠনের কর্মী আ. বাতেন, কামরুজ্জামান রিপন, শিবির কর্মী ইসমাইল ও সাইদুরসহ অন্যরা কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করলে তারা মাঠ ত্যাগ করেন। এ ঘটনার প্রতিবাদ এবং ছ্ত্রানেতাদের শাস্তির দাবিতে মঙ্গলবার সাধারণ ছাত্ররা ক্লাস বর্জন করেন।
মঙ্গলবার বিকেলে এ নিয়ে সাধারণ ছাত্রদের সঙ্গে ছাত্রনেতাদের সংঘর্ষ হয়। এতে আহত হন ছাত্র লীগ কর্মী কামরুজ্জামান রিপন। পরিস্থিতির অবনতি ঘটলে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ সন্ধ্যার দিকে ডুয়েট বন্ধ ঘোষণা করেন।
এই খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ ছাত্ররা। দোষী ছাত্র নেতাদের বিচার না করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ায় তারা উপাচার্য ড. আনোয়ার উল্লাহ আজিমের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরুর ঘোষণা দেন।
