২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট যোসেফ স্কুলে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা

ধোঁয়ায় ঢাকা পড়ে আছে চারদিক। হঠাৎ ঘাবড়ে যেতে পারেন যে কেউ। অবশ্য কৌতূহল নিয়ে খানিকটা সামনে এগুলে যে ক্ষুদে মুখখানি চোখে পড়বে তার নাম ইশা। ভীষণ ওর ব্যস্ততা। গম্ভীরভাবে সে ব্যাখ্যা করে চলেছে তার ধোঁয়া রহস্যের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ইশার সামনের টেবিলে রাখা আছে ‘ডামি আগ্নেয়গিরি’। গল গল করে ধোঁয়া বেরুচ্ছে তার নকল জ্বালামুখ দিয়ে। আগ্রহী দর্শকদের অবিরাম ইশা বলে যাচ্ছে কেন এই অগ্ন্যৎপাত, আর এর ফলই বা কী হতে পারে।

তৃতীয় শ্রেণীর ছাত্র ইশার মতো আরো অনেক ক্ষুদে বিজ্ঞানীর মেলা চলছে এখন রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ব্যাতিক্রমী সব উদ্ভাবন এবং সম্ভাবনার গল্প শোনাতে ব্যস্ত তাদের সবাই।

বুধবার সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান মেলা উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার জন রোজারিও সিএসসি। সিনটিলা সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রদর্শিত হচ্ছে মোট ৪২৭টি বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট।

অষ্টম শ্রেণীতে পড়–য়া বিজ্ঞানী অরিন্দম ও সোলায়মান প্রদর্শন করছে ঘরে তৈরি ওয়াশিং মেশিনের নমুনা। হাত কিংবা পায়ের মাধ্যমে চালানো যাবে এই মেশিন। প্রয়োজন পড়বে না বিদ্যুতের।

একই কক্ষে ইমতিয়াজ ও সাব্বির দেখাচ্ছিল কী করে বাষ্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। অন্যদিকে জুলফিকার এবং সাকিব আবিষ্কার করেছে এমন পানির ট্যাংক, যাতে পানি উপচে পড়ার আগেই বেজে উঠবে সতর্ক ঘণ্টা।

পঞ্চম শ্রেণীর ছাত্র ইশতি এবং মাহী প্রদর্শন করছে বিদুৎ ছাড়াই চালানো যাবে এমন ফ্রিজের নমুনা। সামান্য চট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডযুক্ত পানির প্রবাহই টাটকা রাখবে ওর উদ্ভাবিত ফ্রিজের খাবার। একই শ্রেণীর রিদওয়ান ও জাকারিয়া দূষিত পানি বিশুদ্ধ করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছিল দর্শকদের।

চোখে চশমা পড়া এতটুকু সাইদ আরাফ রেজার স্বপ্ন একদিন সে চিকিৎসক হবে। আর তাই তৃতীয় শ্রেণীতে পড়ার সময়েই সে শিখে ফেলেছে দেহতন্ত্রের খুঁটিনাটি। হৃদপিণ্ডের নমুনা দেখিয়ে এর কার্যক্রম সম্পর্কে সবকিছুই বলে যাচ্ছে সে।

এবারের বিজ্ঞান মেলায় এমনি নানা ধরনের প্রজেক্ট ছাড়াও রয়েছে বিজ্ঞান বিষয়ক চিত্র ও স্ক্র্যাপ বুক প্রদর্শনী। এ ছাড়া বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র--ছাত্রীরা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে।

উদ্বোধনের পর দিনভর ঢাকার বিভিন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা এসে ভিড় জমায় মেলায়। দিনাজপুরের সেন্ট ফিলিপস এবং গাজীপুরের তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় ও সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঘুরে ঘুরে দেখেছে বিজ্ঞান প্রজেক্টগুলো।

বৃহস্পতিবারও মেলা সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরদিন বিকাল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান মেলায় অংশ নেওয়া সেরা প্রজেক্টগুলোকে পুরস্কৃত করা হবে। সে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপ--উপাচার্য মো. ওমর রহমান।