সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়ে দিনভর সরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সনদপত্র ও নম্বরপত্র জালিয়াতির বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের শনিবারের সিদ্ধান্ত নিয়ে রোববার দিনভর সরব ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষক বাস, শিক্ষক লাউঞ্জ, ফ্যাকাল্টি, ছাত্রদের ট্রেন, ক্লাস রুম ও ঝুপড়িসহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্রই তা নিয়ে হয়েছে আলোচনা।
ফলাফল জালিয়াতির বিষয়টি প্রমাণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শনিবার সিন্ডিকেটের এক সভায় হাইকোর্টের বিচারক ফয়সল মাহমুদ ফয়জীসহ মোট দুই হাজার ৪০০ জনের এলএলবি পাসের সনদ বাতিল করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আইনজীবীরা মনে করছেন, দীর্ঘদিন পর হলেও এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দায়মুক্তি ঘটবে। তারা সনদপত্র বাতিলের পাশাপাশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছেন।
সনদপত্র ও নম্বরপত্র জালিয়াতির ঘটনায় ১৯৯৬ সালে গঠিত তদন্ত কমিটির সদস্য অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলামের সাথে রোববার সকালে সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, এতদিনে এটা বাস্তবায়ন হওয়া প্রয়োজন ছিল। সব কাজ শেষে ১৯৯৯ সালে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেয়ার পরও ফলাফল বাতিলের প্রক্রিয়া শুরু না হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, “এতবড় জালিয়াতি প্রমাণের পরও একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা কীভাবে নিশ্চুপ থাকেন তা আমার বোধগম্য নয়।”
তিনি বলেন, “পূর্ববর্তী তদন্ত কমিটি তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত দিলেও পরবর্তীতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করেছে। দীর্ঘ আট বছর তা কার্যকর করতে গড়িমসি করা হয়েছে। পরবর্তী সিন্ডিকেটগুলোয় তা তোলাই হয়নি।”
২০০৪ সালে বিষয়টি আবার সামনে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা কার্যকর করার চেয়ে বরং ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন মইনুল ইসলাম। তিনি বলেন, “এটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় পুরো দেশের জন্য দুর্ভাগ্যজনক।”
অধ্যাপক মইনুল ইসলাম মনে করেন, অনেক আগে জালিয়াতির মাধ্যমে পাশ করা এসব শিক্ষার্থীর শাস্তি হওয়া প্রয়োজন ছিল। একইসাথে এর জন্য দোষী কর্মকর্তা ও কর্মচারীদের দেশের প্রচলিত আইনে বিচার হওয়া প্রয়োজন।
অধ্যাপক মইনুল বলেন, “শুধু চাকুরীচ্যূত করা কোন শাস্তি নয়। তারা যে অন্যায় করেছেন এবং অবৈধভাবে টাকা পয়সা নিয়ে এখন বাড়ি গাড়ি হাকছেন, একটা সভ্য দেশে এমন চলতে পারে না।”
তিনি জানান, সে সময় দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ দায়ের করা হলেও তারা বিষয়টি ধামা চাপা দিয়ে রাখে সেই চক্রটির যোগসাজসে। এর পেছনে সেই সময়ের ক্ষমতাসীনদের হাত আছে বলে তিনি মনে করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক এবং বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেন, সিন্ডিকেট শনিবার যে সিদ্ধান্ত নিয়েছে তা অনেক আগে বাস্তবায়ন করা উচিত ছিল। বিশ্ববিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনার জন্য এ সিদ্ধান্ত নেয়া প্রয়োজন ছিল। তার মতে, একটি শক্তিশালী গোষ্ঠীর চাপ ছিল বলে এতদিনেও তা বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, জালিয়াতির ঘটনার জন্য বিগত তিনটি প্রশাসনের সময় তিনটি পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। সবগুলো কমিটি একই প্রতিবেদন দিয়েছে। তার মানে পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। তাছাড়া তিনি যে দলেরই হোক না কেন কোনো শিক্ষকের পক্ষে এত বড় অনিয়ম ও অন্যায় চোখ বুজে উল্টে দেয়া সম্ভব নয়। তাই প্রতিটি কমিটি একই সিদ্ধান্তে পৌঁছেছে। সত্য প্রকাশ করেছে।
অধ্যাপক অনুপম সেন বলেন, এখন অতিদ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রয়োজন। একই সাথে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। দুই একজন ব্যক্তির জন্য যদি তা নয় হয় তবে তা হবে শিক্ষাঙ্গনের জন্য বড্ড অবিচার।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের ছাত্রী সাঈদা ইসলাম মিতা বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের লজ্জা কিছুটা হলেও ঘুচবে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সদ্য পাস করা মোঃ খালেকুজ্জামান বলেন, “এসব দু’নম্বর আইনজীবী ও বিচারকের কারণে আজ আইন পেশার প্রতি মানুষের অশ্রদ্ধা ও অনাস্থা এসে পড়েছে। আইনের ছাত্র হিসাবে আমি নিজেই লজ্জিত- এতগুলো বছর ধরে তারা প্রতারণার মাধ্যমে কতগুলো বিচারের সাথে জড়িত ছিল এটা ভেবে।”
লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারুক রেজা বলেন, যারা এতদিন বিষয়টি জানত না, আজ সকালে পত্রিকা পড়ে তাদের মাঝে একটিই প্রশ্ন--বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এতবড় অন্যায় হলো কীভাবে? আর কেনই বা প্রমাণ হওয়ার পরও কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে এত সময়ক্ষেপণ করল।
