২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাইবার সেন্টারের উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩৭ বছর পর শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বহু প্রতীক্ষিত সাইবার সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলায় এ সেন্টার উদ্বোধন করেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “আমাদের সন্তানদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে চাই। তাদের সামনে জ্ঞানের নতুন নতুন দ্বার খুলে দিতে চাই।”

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এরইমধ্যে বাংলাদেশ একাডেমী অব সায়েন্স এর সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে ২০ হাজার জার্নাল এবং ১০ হাজার পাঠ্যবই ছাত্রছাত্রীরা এখানে বসেই ডাউনলোড করতে পারবে।

বৃহস্পতিবার প্রথমদিনে শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করেন। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মোট ৩০টি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

ইন্টারনেট স্থাপন কমিটির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, সেন্টার নির্মাণে মোট ১২ লাখ টাকা ব্যয় হয়েছে।  শিগগিরই সাইবার সেন্টারের জন্য নীতিমালা তৈরি করা হবে। নীতিমালা তৈরি না করা পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবে।

ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ২০০৫ সালের ১৮ অক্টোবর ইন্টারনেট স্থাপন সংক্রান্ত কমিটি গঠন করা হয়।

ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনতে তিনটি ধাপে পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রথম ধাপে রয়েছে সব বিভাগ ও আবাসিক ভবনগুলোকে এডিএসএল নেটওয়ার্ক এর মাধ্যমে যুক্ত করা, দ্বিতীয় ধাপে ফাইবার অপটিকস এর মাধ্যমে পূর্ণাঙ্গ কাঠামো তৈরি এবং তৃতীয় ধাপে সবই কম্পিউটারাইজড করা।