রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। সোমবার উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেনের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় পরীক্ষার বিস্তারিত সময়সূচি অনুমোদন করা হয়।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আবু বকর সিদ্দিক ভূঁইয়া সাংবাদিকদের জানান, চলতি বছর বিভিন্ন বিভাগে মোট দুই লাখ ৭৯ হাজার তিনশ ৭৮টি ভর্তি ফরম জমা পড়েছে। গড়ে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৮৭ জন শিক্ষার্থী।
তিনি বলেন, বাংলা, দর্শন, ইংরেজি ও চারুকলা বিভাগের পরীক্ষা ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর পরদিন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফার্সি, নাট্যকলা ও সঙ্গীত, আরবি, ইসলামিক স্টাডিজ বিভাগের পরীক্ষা, ১৪ নভেম্বর ইতিহাস, ফোকলোর, উর্দু, সংস্কৃত বিভাগ, ১৫ নভেম্বর গণযোগাযোগ, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, নৃ-বিজ্ঞান বিভাগ এবং ১৭ নভেম্বর সমাজবিজ্ঞান, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, অর্থনীতি ও সমাজকর্ম বিভাগের পরীক্ষা হবে।
তিনি আরও জানান, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের পরীক্ষা হবে ১৮ নভেম্বর। এর পরদিন ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, আইন ও বিচার, গণিত বিভাগের পরীক্ষা, ২০ নভেম্বর ফলিত গণিত, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান বিভাগ, ২১ নভেম্বর ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও রসায়ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া, ২২ নভেম্বর হবে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তিবিদ্যা, প্রাণ রসায়ণ ও অনুপ্রাণবিদ্যা, ফার্মেসি এবং ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের পরীক্ষা। এর একদিন পর ২৪ নভেম্বর ফিসারিজ ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি, এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ভর্তি পরীক্ষা হবে। সবশেষে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এনিমেল হাজবেন্ড্রি এন্ড ভেটেরিনারি সায়েন্স, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং প্রাণিবিদ্যা বিভাগের পরীক্ষা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএস/এসএনডি/১৯৪০ ঘ.
bdnews24