ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্থগিত
বিভিন্ন ছাত্র সংগঠনের অনুষ্ঠান বর্জনের হুমকির মুখে অবশেষে ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে সমাবর্তন স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়।
এছাড়া ২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে সমাবর্তনের অনুষ্ঠানস্থল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তন মহড়াও বাতিল করা হয়েছে। সমাবর্তন ও মহড়ার তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সমাবর্তন অংশ নেওয়ার উদ্দেশ্যে যারা এর মধ্যেই নিবন্ধন এবং নির্ধারিত পোশাক ও উপহার সংগ্রহ করেছেন তাদের পোশাক ও আমন্ত্রণপত্র সংরক্ষনের পরামর্শ দেওয়া হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে যারা পোশাক ও উপহার সংগ্রহ করেননি তারা ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টা পর্যন্ত আমন্ত্রণপত্র দেখিয়ে নির্ধারিত জায়গা থেকে পোশাক ও উপহার সংগ্রহ করতে পারবেন।
