ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তনে ডিগ্রি পেলেন ১৯৬৬ জন
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তনে এক হাজার ৯৬৬ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়েছে।
এরমধ্যে ৩১ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ১৪তম এ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চ্যান্সেলর স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের পদক প্রদান করেন।
শিক্ষার্থীদের হাতে ভাইস চ্যান্সেলর (ভিসি) স্বর্ণপদক তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।
সমাবর্তনে শিক্ষামন্ত্রী বর্তমান চাকরির বাজারের জন্য আরও দক্ষ স্নাতক তৈরি করতে পাঠ্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান এবং সফটওয়্যার তৈরির দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহবান জানান।
এছাড়া মূল্যবোধ, সমানুভূতির অনুশীলন, সততা, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানা, মা-মাতৃভাষাসহ সামগ্রিকভাবে বাংলাদেশকে ভালোবাসতে স্নাতকদের উজ্জীবিত করেন তিনি।
সমাবর্তন বক্তা জাফর ইকবাল বলেন, জ্ঞানই একটি দেশের প্রকৃত সম্পদ। স্নাতকরাই দেশকে সমৃদ্ধশালী করছে।
তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখা ও প্রাণশক্তি ধরে রেখে ব্যর্থতা মেনে নিতে শিখতে পরামর্শ দেন।
তিনি বলেন, “তুমি যদি জীবনে কখনও ব্যর্থ না হয়ে থাক, তার অর্থ হলো তুমি নতুন কিছু করার চেষ্টা করোনি।”
তামারা হাসান আবেদ স্নাতকদের প্রতি ব্যতিক্রমী চিন্তার মানসিকতা গড়ে তুলে অর্থবহ জীবন পরিচালনা, ব্যক্তি স্বার্থের ঊধর্বে উঠে একতাবদ্ধ হয়ে কাজ করার শক্তির ওপর বিশ্বাস রাখার আহবান জানান।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে দক্ষতা ও পছন্দ অনুযায়ী কাজ করা, সৎ থাকা, অন্যদের প্রতি দয়াবান ও অনুগ্রাহী হওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে জগৎ সম্পর্কে আরও কৌতুহলী হবার পরামর্শ দেন।
