ঢাবি অধিভুক্ত চার প্রকৌশল কলেজে ভর্তির ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উপার্চায অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত চার হাজার ২০১ জনের মধ্যে শেষ পর্যন্ত ৬০০ জন শিক্ষার্থী এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবেন।
এর মধ্যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ১২০ জন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ১২০ জন, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২৮০ জন এবং শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৮০ জন শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবেন।
এই ইউনিটের ৬০০ আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল পাঁচ হাজার ৮৯১ জন। পরীক্ষায় অংশ নেয় চার হাজার ৮৫৯ জন শিক্ষার্থী।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>TEC<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
ভর্তির বিষয়ে বিস্তারিত http://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে জানা যাবে।
ফল ঘোষণার অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।
