অধ্যাপক হত্যা: ছুটিতেও আন্দোলন রাবিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে গ্রীষ্মকালীন ছুটিতেও ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজনে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন হয়।
গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টায় রাজশাহীর শালাবাগানে নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। ছুটির মধ্যে রাবি ক্যাম্পাসে মানববন্ধন ও মিছিল করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও রাবি শিক্ষক সমিতি।
মানববন্ধন শেষে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মৌন মিছিল করে। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ গিয়ে সমাবেশ করে তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ১৫ দিন পেরিয়ে গেলেও সরকারের উর্ধ্বতন কেউ দেখা করতে না আসায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা প্রশ্ন করেন, ‘কেন?’
ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, “শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চাই।
“আমরা রাজশাহী নগরের নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করে সমন্বিত আন্দোলন করব।”
‘শিক্ষক হত্যার সংস্কৃতি’ বন্ধ করতে ছাত্র-শিক্ষকদের সঙ্গে নিয়ে ’৬৯-র গণঅভ্যুত্থানের মতো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক ইসমাইল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ্, সাধারণ সস্পাদক শাহ্ আজম শান্তনু ও ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের দিলীপ কুমার সরকার।
মানববন্ধন থেকে এ মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এদিকে শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হলেও রাবি শিক্ষক সমিতি ও ইংরেজি বিভাগে বন্ধের মধ্যেও তাদের আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা অনুযায়ীই তারা এ কর্মসূচি পালন করছে।
