২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে জাহাঙ্গীরনগর

নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 11:10 AM

Updated : 20 Aug 2022, 11:34 AM

মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ব্শ্বিবিদ্যালয় দিবসের চার দিনের  কর্মসূচির সূচনা হয়।

এছাড়া সকালে বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন আমতলা মঞ্চ থেকে আনন্দ শোভাযাত্রা; বুধবার বিকাল ৩টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পুতুল নাচ, ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান; বৃহস্পতিবার বিকালে পিঠা মেলা ও নাটক এবং শুক্রবার অ্যালামনাই ডে, মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এসব কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষাবিদ ড. সুরত আলী খানের পরিচালনায় ১৯৬৮ সালের জুন মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়ন শুরু হয়। ১৯৭০ সালের সেপ্টেম্বর মাসে রসায়নের অধ্যাপক ড. মফিজ উদ্দিন এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের দায়িত্ব পান।

পরের বছর ৪ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়। ১২ জানুয়ারি এ বিদ্যাপিঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর।

২০০১ সালের ১২ জানুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েসের উদ্যোগে প্রথম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালন করা হয় জাহাঙ্গীরনগরে।

৬৯৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের অধীনে মোট ৩৬টি বিভাগের কার্যক্রম চলছে। প্রায় ১৫ হাজার ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ১১টি আবাসিক হল।