২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মবিরতিতে শাবির আন্দোলনরত শিক্ষকরা

উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার পদত্যাগ এবং বিচারের দাবিতে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মবিরতি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 03:49 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

আন্দোলনরত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের’ আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের একটাই দাবি, ভাইস চ্যান্সেলরের অপসারণ ও বিচার।

“উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি করে গত ১২ এপ্রিল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সরকার সমর্থক শিক্ষকদের এই অংশটি।

উপাচার্যের পদত্যাগ দাবিতে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ৩০ অগাস্ট শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে হামলা চালায় বিশ^বিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি উল্লেখ করে অধ্যাপক সামসুল বলেন, “আমরা ওই দিনের হামলার হোতার পাশাপাশি যারা জড়িত তাদের সবার বিচার দাবি করছি।”

অন্যদিকে শিক্ষকদের এই অংশের আন্দোলনকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ বলে দাবি করছেন সরকার সমর্থক শিক্ষকদের আরেকটি অংশ। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে শিক্ষকদের এই অংশটি উপাচার্যের পক্ষে অবস্থান নিয়েছেন।

সরকার সমর্থক শিক্ষকদের একাংশের আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নত না হওয়ার ঘোষণা রয়েছে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার।

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচির মধ্যেই উপাচার্যপন্থি ও বিএনপি-জামায়তপন্থি শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা নিতে দেখা গেছে।