‘ফ্যাসিস্ট’ সরকার দেশের ভবিষ্যতের সঙ্গে ‘প্রতারণা’ করেছে: খসরু
“ঘুষ ও দুর্নীতির উৎস বন্ধ করতে হলে জনগণের সরকারি অফিসে যাওয়া কমাতে হবে।”
বর্তমান সময়ে তথ্যকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের বাস্তবতা ‘আড়াল’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি বলেন, “বর্তমান সময়ে তথ্যকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের বাস্তবতা আড়াল করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার জনসংখ্যা ইচ্ছাকৃতভাবে কম দেখিয়ে মাথাপিছু আয় বাড়িয়ে দেখানোর যে চেষ্টা করেছে, তা শুধু ভ্রান্তিই নয়, বরং দেশের ভবিষ্যতের সঙ্গে প্রতারণা।
“ফলে বিবিএস-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ডেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। যা একটি দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ার জন্য অত্যন্ত উদ্বেগজনক।”
আমীর খসরুর মতে, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তথ্যের গুরুত্ব অপরিসীম। আজকের বিশ্বে যার কাছে যত বেশি তথ্য, সে তত বেশি ক্ষমতাবান।
বাংলাদেশে তথ্যনির্ভর নীতি গ্রহণ ও প্রয়োগে এখনও স্পষ্ট দুর্বলতা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “ডেটা-নির্ভর, স্বচ্ছ ও দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে না পারলে দেশের উন্নয়ন শুধু কাগজে-কলমেই থাকবে, বাস্তবে নয়। এজন্য সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক সদিচ্ছা এবং পেশাদারিত্ব।”
সরকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিনিয়োগ খাত-সবখানে ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “ঘুষ ও দুর্নীতির উৎস বন্ধ করতে হলে জনগণের সরকারি অফিসে যাওয়া কমাতে হবে। অনলাইন সেবা চালুর মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। উন্নত বিশ্বকে অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড রিফর্ম’ আয়োজিত ‘তথ্য-চালিত অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ: ২০৩৫ রূপকল্প’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আমীর খসরু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বিএনপি গঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্যসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও রেহান এ আসাদ।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও অধ্যাপক ড. মোহাম্মদ নূরনবী।
অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, “জুলাইয়ের বিপ্লব থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছি। একটি হল, বাংলাদেশকে একটি বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে তোলা। অন্যটি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা। শহীদের এই আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, যেটি হবে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নত।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “দিল্লিতে বসে কিছু মহল বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি তৈরির পেছনে গভীর ষড়যন্ত্র করছে। বিএনপি এসব ষড়যন্ত্র চিহ্নিত করে মাঠপর্যায়ে তথ্যনির্ভর আন্দোলনের মাধ্যমে তার মোকাবিলা করবে।”
মাহদী আমিন বলেন, “বাংলাদেশে একটি সাধারণ ঐকমত্য তৈরি হয়েছে যে, সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি বৈধ সরকার গঠন সম্ভব। আমরা যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, তা বাস্তবায়নের জন্য অংশীজনদের প্রতিনিধিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, মূল ভিত্তি হবে ঘোষিত ৩১ দফা সংস্কার পরিকল্পনা।”
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক নাজমুল হোসাইনের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা এস এম জিয়াউদ্দিন হায়দার।
