১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ছাগলকাণ্ড’ নিয়ে পোস্ট: আব্দুল্লাহর ফেইসবুক আইডি ফিরল

মঙ্গলবার সকাল ৭টার দিকে ১ লাখ ৯৪ হাজার ফলোয়ারের ওই আইডি সচল হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 12:21 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

‘ছাগলকাণ্ড’ নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার পর ‘স্থগিত’ হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহর আইডি তিনদিন পর ‘সচল হয়েছে’।

আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে ১ লাখ ৯৪ হাজার ফলোয়ারের ওই আইডি সচল হয়েছে।

আইডি সচল হওয়া নিয়ে ফেইসবুকে পোস্টও দিয়েছেন তিনি। 

জাতীয় রাজস্ব বোর্ডের পদ হারানো কর্মকর্তা মতিউর রহমান ও তার ছেলে মুশফিকুর রহমান ইফাতের ‘ছাগলকাণ্ড’ নিয়ে গত ১৯ জুন সকাল থেকে একাধিক পোস্ট দেন আবদুল্লাহ।

ওই পোস্টে কোরবানির ঈদের জন্য ১৫ লাখ টাকার ছাগলের বায়না করা ইফাতের সঙ্গে মতিউর রহমানের বাবা-ছেলের সম্পর্ক, মতিউরের পরিচয় নিয়ে নানা তথ্য তুলে ধরেছিলেন তিনি। 

আবদুল্লাহ বলেছেন, ওই পোস্ট দেওয়ার পর ১৯ জুন রাতে তিনি নোটিফিকেশন পান যে তার অ্যাকাউন্টে কেউ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তখন দুই ঘণ্টার জন্য তার ফেইসসবুক বন্ধ রাখা হয়, এরপর তা চালুও হয়। কিন্তু ২২ জুন সকালে তিনি দেখতে পান তার অ্যাকাউন্ট ‘সাসপেন্ড’করা হয়েছে।

তাকে বলা হয়, ফেইসবুকের নীতিমালা বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করায় তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখন আমি প্রমাণগুলো সামনে নিয়ে আসি, তখন টার্গেট করে আমার আইডিতে সাইবার অ্যাটাক করা হয়। আমি মতিউরের আইডি কার্ডসহ পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরি। তারপর মূলধারার মিডিয়া নিউজ করা শুরু করে। এরইমধ্যে কোনো ধরনের নোটিস না দিয়ে শনিবার সকালে আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়।”

পরে মেটার সঙ্গে ক্রমাগত যোগাযোগ এবং সংবাদমাধ্যমে তার আইডি স্থগিত হওয়া নিয়ে সংবাদ প্রকাশের পর তা সচল হয়েছে বলে জানান আব্দুল্লাহ।

আরও পড়ুন:

এনবিআরের মতিউর ও স্ত্রী-পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মতিউরের জায়গায় এলেন সুরেশ চন্দ্র বিশ্বাস

সোনালী ব্যাংকের পদও হারালেন এনবিআরের মতিউর