‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
“তারা জুলাইয়ে সামাজিক চুক্তিকে ভঙ্গ করে ছাত্র রাজনীতিকে ভঙ্গুর করছে। যাকে 'জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা' বলা হয়। ”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ‘সন্ত্রাসবিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে একদল শিক্ষার্থী।
বিক্ষোভে দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহিদ খান পাভেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারসহ তিনটি দাবি তুলে ধরেছেন বিক্ষুব্ধরা।
সেগুলো হল-ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দ্রুত আটক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (একাংশ) ঢাবি শাখার সদস্য সচিব অদিতি ইসলাম বলেন, “কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলেই তার ওপর প্রমাণ ছাড়াই হাত তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ছাত্রশক্তি' নামক সংগঠনের কর্মীরা একজনকে পাঁচ দফায় পিটিয়েছে, শিকল দিয়ে মেরেছে এবং তার আঙুল থেঁতলে দিয়েছে। এই ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী রাফিউর জামান জুয়েল বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য।
“কিন্তু বর্তমানে জুলাইয়ের দোহাই দিয়ে যে 'মব কালচার' তৈরি করা হচ্ছে, তা ওই আন্দোলনের চেতনার পরিপন্থি। এরা জুলাইয়ে সামাজিক চুক্তিকে ভঙ্গ করে ছাত্র রাজনীতিকে ভঙ্গুর করছে। যাকে 'জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা' বলা হয়। ”
অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আবু মুজাহিদ আকাশ বলেন, যদি কেউ পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকে কিংবা কোনো অপরাধ করে থাকে, তবে তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু তাকে মব করে পিটিয়ে রক্তাক্ত করা বা মেরে ফেলা কোনো সমাধান নয়।
এদিন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে কয়েক দফায় মেরে পুলিশের হাতে সোর্পদ করার অভিযোগ উঠেছে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার ভোর রাতে সেহরির সময় পাভেলকে মারধার করা হয়।
পাভেল বলেন, “তিনি বলেন, “আমি বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে সেহেরি খেতে গিয়েছিলাম। সেখানে হাসিব, শুভ, সাইফুল্লাহ, মহিউদ্দিন ও আবরারও খাচ্ছিল। তাদের নেতৃত্বে প্রায় ২০–২৫ জন আমাকে কোনো কারণ ছাড়াই দুই থেকে আড়াই ঘণ্টা মারধর করেছে।
“আমার দোষ থাকলে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক–আমি তাদেরও বলেছি। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি।”
পাভেল বলেন, “তারা সেখান থেকে মেরে পরে পলাশীতে এনে আবার মারে। আবার সেখান থেকে আমাকে বাইকে করে ভিসি চত্বরে নিয়ে এসে কয়েকজন মিলে কিল-ঘুষি মারে। পরে আমার অবস্থা খারাপ হয়ে গেলে শাহবাগ থানায় ফেলে দিয়ে যায়। সেখান থেকে পুলিশ আটক করে।
“তারা আমাকে ছাত্রলীগ বলে পেটায়। আমি কখনো কোন সংগঠনে ছিলাম না। আমার কোনো পদ নেই।”
পাভেল যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন, তাদের মধ্যে আছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা সাইফুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলাম, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, মোহাম্মদ মহিউদ্দিন ও আবরার।
