চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন ১৪১ জন
দুই দিনে সবমিলিয়ে ১৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ফরম নিয়েছেন ১৪১ জন, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৭১ জন ও হল সংসদের জন্য ৭০ জন ফরম সংগ্রহ করেছেন।
সবমিলিয়ে দুই দিনে ১৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সোমবার চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন।
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য ৯৭ জন এবং হল সংসদের জন্য ২৬ জন ও ছাত্রী হল সংসদের জন্য ৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় রোববার। সেদিন চাকসুতে ২৬ জন এবং এফ রহমান হল ও বিজয় ২৪ হল সংসদের জন্য দুই জন করে মোট ২৮ জন ফরম সংগ্রহ করেছিলেন।
ফরম সংগ্রহের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৭১, ছাত্র হল সংসদের জন্য ২৫ ও ছাত্রী হল সংসদের জন্য ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
চাকসুর তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদান শেষে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২৩ সেপ্টেম্বর মনোনয়ন সংগ্রহকরা শিক্ষার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং পরদিন প্রার্থীতা নিয়ে আপত্তি গ্রহণ নিষ্পত্তি হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি হল ও একটি হোস্টেল রয়েছে। এর মধ্যে পাঁচটি ছাত্রীদের এবং ১০টি ছাত্রদের।
বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগ ও পাঁচটি ইনস্টিটিউটের ২৭ হাজার ৬৩৪ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে চাকসু নির্বাচনের ওয়েবসাইটে। তবে সেখানে হলভিত্তিক তালিকা প্রকাশ করা হয়নি।
চাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস ছাড়াও ক্রীড়া সম্পাদক, সহ-ক্রীড়া সম্পাদক, সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা সম্পাদক, সহ- সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা সম্পাদক, দপ্তর, সহ দপ্তর, নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক, সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, সহ যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে এবং পাঁচটি নির্বাহী সদস্যসহ ২৬টি পদে নির্বাচন হবে।
হলগুলোতে ভিপি, জিএস, এজিএস ছাড়া ক্রীড়া সম্পাদক, সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা সম্পাদক, দপ্তর, রিডিং, ডাইনিং ও হল লাইব্রেরি, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিজ্ঞান, গবেষণা তথ্য ও প্রযুক্তি বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক এবং তিনটি নির্বাহী সদস্য পদে নির্বাচন হবে।
আরও পড়ুন-
