রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতৃত্বে মুজাহিদ-মেহেদী
বিনোদপুরে ছাত্রশিবিরের ওয়েলফেয়ার ভবনে ‘সদস্য সমাবেশে’ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ কমিটি ঘোষণা করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হয়েছেন মেহেদী হাসান।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে ছাত্রশিবিরের ওয়েলফেয়ার ভবনে ‘সদস্য সমাবেশে’ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ কমিটি ঘোষণা করেন।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মুজাহিদ ফয়সাল। পরে নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শক্রমে শাখা সেক্রেটারি হিসেবে মেহেদী হাসানকে মনোনীত করেন। পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি।
মুজাহিদ ফয়সাল বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এবং মেহেদী হাসান আরবি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাদের উভয়ের নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বিধি অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকেই নেতা নির্বাচিত হওয়ার কথা। তবে তাদের দুজনেরই স্নাতক ও স্নাতকোত্তর শেষ হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হলে তারা পুনরায় ভর্তি হবেন।”
