২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ সাউথে ঈদে মিলাদুন্নবীর আলোচনাসভা

“নবীজির শিক্ষা আমাদের জীবনে ধারণ করলে সমাজ সুন্দর হবে,” বলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2024, 11:50 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠান হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে মঙ্গলবার বিকাল ৩টায় এ সভা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

সভায় এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. আহসানুল হাদী, এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এনএসইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন এবং এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান বক্তব্য দেন।

মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, “মহানবী (সা.) সামাজিক ন্যায়বিচার, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবনেও এসবের অনুশীলন করেছেন তিনি। সমাজসংস্কারক হিসেবে মুহাম্মদ (সা.) সর্বকালের সেরা আদর্শ।”

আলোচনায় মো. আহসানুল হাদী বলেন, “বর্তমান সময়ের প্রেক্ষাপটে মহানবী (সা.) কে নিয়ে আলোচনা খুব বেশি প্রয়োজন। আমরা সামাজিক ও রাজনৈতিক জীবনে যে পরিবর্তন, যে সংস্কারের কথা বলছি তার সবচেয়ে বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মাত্র ২৩ বছর সময়ের মধ্যে তিনি তৎকালীন সময়ের পিছিয়ে পড়া আরব জাতিকে বিশ্বের সবচেয়ে সভ্য ও সমৃদ্ধ জাতিতে পরিণত করেছিলেন।

“সমগ্র বিশ্ববাসীর জন্য মহানবী (সা.) এর জীবন ও কর্ম অনুসরণীয়। তার ধর্মদর্শন বাদ দিয়েও যদি কোনো জাতি শুধু তার জীবনাদর্শন ধারণ করতে পারে, তাহলেও নিশ্চিতভাবে সেই জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাবে।”

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, “নবীজির শিক্ষা আমাদের জীবনে ধারণ করলে সমাজ সুন্দর হবে।”