২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকসু: বাম ও আদিবাসী শিক্ষার্থী প্যানেলের ৭ দফার ইশতেহার

ইশতেহারে আবাসন, পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জোর দেওয়া হয়েছে গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মানবাধিকারকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 06:42 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) সাত দফা ইশতেহার ঘোষণা করেছে বাম ও আদিবাসী শিক্ষার্থীদের প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’।

বৃহস্পতিবার চাকসু ভবনের সামনে প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া, জিএস সুদর্শন চাকমা ও এজিএস জশদ জাকির ইশতেহার ঘোষণা করেন।

শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মানবাধিকরারের প্রতি জোর দেওয়া হয়েছে সেখানে।

ইশতেহারে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের কথা তুলে ধরা বলা হয়, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত নিরাপদ অ্যাকাডেমিক ক্যাম্পাস নিশ্চিতে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে প্রথম মাসে ‘ক্যাম্পাস চার্টার’ প্রণয়ন করা হবে। ক্যাম্পাসের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চালু এবং বিচার কাজ সম্পন্ন করতে প্রশাসনকে উদ্যোগ নিতে বাধ্য করা হবে।

পাশাপাশি প্রক্টরিয়াল বডিসহ গোটা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে তাদের আচরণবিধি সুনির্দিষ্ট করা এবং চবি শিক্ষার্থীদের ওপর সকল হামলার বিচার নিশ্চিত করা হবে।

এলাকাবাসীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ছাত্র-শিক্ষক-স্থানীয় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সেল গঠন করে তা এক মাসের মধ্যে কার্যকর করার ইচ্ছার কথাও বলা হয়েছে ইশতেহারে।

‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে ১০টি হল নির্মাণ করতে চায়। সেজন্য মাস্টারপ্ল্যান ঘোষণা করে নির্মাণ কাজ শুরুর জন্য প্রশাসনকে বাধ্য করার কথা বলা হয়েছে ইশতেহারে। ‘রাজনৈতিক’ ও ‘বিশেষ বিবেচনার’ আসন বরাদ্দ বাতিল করে অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চালু করা হবে।

গবেষণা খাতে অগ্রাধিকার নিশ্চিতের কথা তুলে ধরে ইশতেহারে গবেষণা খাতে বাজেটের ১০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা হবে। পাশাপাশি গবেষণা প্রকল্পে শিক্ষার্থীদের গবেষণা সহকারী, ফেলোশিপ দেওয়া, থিসিস নেওয়ার ক্ষেত্রে সিজিপিএ’র প্রতিবন্ধকতা দূর করার কথাও তুলে ধরা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা বাতিল এবং অতিরিক্ত আবেদন ফি, ভর্তি ফি আদায় বন্ধ করা হবে। লাইব্রেরিকে আধুনিকায়ন করে ২৪ ঘণ্টা খোলা রাখা, ই-লাইব্রেরি চালু এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রোগ্রাম চালুর কথাও ইশতেহারে বলা হয়েছে।

শিক্ষক নিয়োগে দলীয়করণ দূর করা এবং যুগোপযোগী পাঠ্যক্রম তৈরি করার পাশাপাশি শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা কার্যকর করার কথাও বলা হয়েছে ইশতেহারে। সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন, জাতিগত বৈচিত্র্য ও নারীবান্ধব ক্যাম্পাসের কথা বলা হয়েছে।

এদিকে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ‘অগণতান্ত্রিক ধারা’ বাতিল করে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা এবং শারীরিক প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা ইশতেহারে।

আগামী ১৫ অক্টোবর হবে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। নির্বাচনে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির সম্প্রতির শিক্ষার্থী জোট নামে, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে।

সম্মিলিতে জোট ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলে রয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল( বিএমএসসি), বাংলাদেশ বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, নারী অঙ্গন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ)।

আরও পড়ুন-

চাকসু: প্রথম দিন থেকেই হলে আসন, পড়ার টেবিলের প্রতিশ্রুতি ছাত্রদলের

চাকসু: আবাসন, যোগাযোগকে গুরুত্ব দিয়ে ছাত্র শিবিরের ৩৩ দফা ইশতেহার