১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সমাবেশে ব্যানার-ফেস্টুন নয়: ছাত্রদল

সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে প্রত্যেক ইউনিটকে সরে যেতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 01:54 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ঢাকার শাহবাগে রোববার যে সমাবেশ করতে যাচ্ছে ছাত্রদল, তাতে ব্যানার-ফেস্টুন আনতে বারণ করা হয়েছে।

শুক্রবার বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সমাবেশ ঘিরে মোট ছয়টি নির্দেশনা দিয়েছেন।

রোববার দুপুর ২টায় শাহবাগে অনুষ্ঠেয় এ সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানস্থলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত থাকবেন।

সমাবেশ ঘিরে ছাত্রদলের ছয় নির্দেশনা—

•    সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না।

•    কেন্দ্র নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করতে হবে।

•    কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝের গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা যানবাহন চলাচলে পূর্ণ সহযোগিতা করতে হবে।

•    ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি সমাবেশের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।

•    ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়া নিষেধ।

•    সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে প্রত্যেক ইউনিটকে সরে যেতে হবে।