Published : 10 Aug 2023, 10:49 PM
ঢাকা ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ডুজা) বর্ষসেরা রিপোর্টার-২০২২ পুরস্কার পেয়েছেন ছয়জন।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সেমিনারে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন দৈনিক প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার, দৈনিক কালবেলার মোতাহার হোসেন, দি ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম, দি নিউ নেশনের মনিরুজ্জামান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাসেল সরকার ও ঢাকা পোস্টের আমজাদ হোসেন হৃদয়।
শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড ও মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড থেকে বাংলা সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র ও অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে দুইজন করে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে আসছেন। মাঝে মাঝে ‘সিন্ডিকেটেড’ সংবাদ পরিবেশনের কারণে সংবাদের বস্তুনিষ্ঠতা প্রশ্নবিদ্ধ হয়।
বস্তুনিষ্ঠতা ও মূল্যবোধ বজায় রেখে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও ডুজার সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট। সেমিনারে ‘সাংবাদিকতায় পেশাদারিত্বের সংকট: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলি মানিক।
ডুজা’র বিদায়ী কমিটির সভাপতি মামুন তুষারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কমিটির সভাপতি আল সাদী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশিষ্টজন, সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।