বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় ঐকমত্য দরকার: ঢাবি ভিসি
“যার যার পর্যায় থেকে ন্যায়বিচার কায়েমের যে পূর্বশর্ত- ধীরে ধীরে আমরা সেই পথেই এগুচ্ছি,” বলেন তিনি।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈষম্যহীন সমাজ গঠনের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
তিনি বলেছেন, “নতুন বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের সম্ভাবনা আমাদের সামনে এখন আছে। সেটি করতে হলে বৃহত্তর জাতীয় ঐকমত্য দরকার। যার যার দায়িত্ব যেটি পালন করছেন, আন্তরিকতার সাথে পালন করা প্রয়োজন।”
বিজয় দিবসে সকাল পৌনে ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য নিয়াজ বলেন, “আমাদের শহীদদের যে চরম আত্মত্যাগ- সেটি স্মরণ করে, যে পরম্পরা আমাদের আছে বায়ান্ন, আটষট্টি, একাত্তর, নব্বই এবং আমাদের চব্বিশ- এই ঘটনাগুলো প্রমাণ করে জাতির সবচাইতে ক্রান্তিলগ্নে ছাত্র-জনতা উঠে দাঁড়িয়েছে। এবং জাতিকে রক্ষা করার জন্য বৃহত্তর ঐকমত্য তারা তৈরি করতে পেরেছে।
“আমাদের সামনে যে যাত্রা, সেটির প্রধান চ্যালেঞ্জ হবে এই ঐকমত্যকে ধরে রাখা। চড়াই-উতরাই আছে, কিন্তু বড় দাগে মানুষের মধ্যে বিজয় একটি আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ একটি আকাঙ্ক্ষা; আমি আশাবাদী।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৈষম্যবিরোধী সমাজ বিনির্মাণে ন্যায়বিচারের প্রস্তুতি নিতে হবে। ন্যায়বিচারের জন্য যে পক্ষই জড়িত থাকবে, প্রক্রিয়া চালিয়ে নেওয়ার দরকার আছে।
“যতটুকু হয়েছে, যেহেতু আমরা সামনে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করছি, অতএব যার যার পর্যায় থেকে ন্যায়বিচার কায়েমের যে পূর্বশর্ত ধীরে ধীরে আমরা সেই পথেই এগুচ্ছি।”
ইতিহাস বিকৃতি ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এ প্রশ্নের উত্তরে নিয়াজ আহমেদ খান বলেন, “আমাদের তরুণ সমাজ, ছাত্র জনতা যথেষ্ট সচেতন। ইতিহাস পালটানোর চেষ্টা বিভিন্ন প্রেক্ষাপটে বহুবার বাংলাদেশে হয়েছে। ঘুরেফিরে মানুষের মনে প্রকৃত যে ইতিহাস, সেটি জানবার আগ্রহ থেকে গেছে।”
অধ্যাপক নিয়াজ বলেন, “আজকে আমাদের স্মৃতিসৌধে লক্ষ্য জনতা সমবেত হয়েছে, তারা ইতিহাস জানতে চায়।
“এবং ইতিহাসের প্রতি তাদের যে গভীর মমত্ব আছে, এই এলাকায় এলে প্রথম কথা যেটি মনে হয়, বাঙালি হিসেবে যে চরম আত্মত্যাগ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য করেছে, তার ধারাবাহিকতা রক্ষা প্রয়োজন।”
