ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৩ নেতাকে অব্যাহতি
‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রদলের তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
অব্যাহতি পাওয়া তিনজন হলেন— জগন্নাথ হল শাখার তিন যুগ্ম-আহ্বায়ক চন্দন দাস, ঝলক দাস ও রিপন চন্দ্র সরকার।
সোমবার ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাভঙ্গের ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের সাংগঠনিক ব্যবস্থার মুখে পড়তে হলো, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক শিক্ষার্থীকে সম্প্রতি মারধর করার অভিযোগে এ তিনজনের নাম আসে।
মারধরের অভিযোগ তোলা শিক্ষার্থীর নাম অভয় কুমার সিংহ।
সোমবার ফেইসবুক পোস্টে তিনি লেখেন, দোকানে পা তুলে বসা নিয়ে কথা কাটাকাটির জেরে ছাত্রদলের তিন নেতা তাকে হলের কক্ষে গিয়ে মারধর করেন।
ওই তিন ছাত্রদল নেতার বক্তব্য জানতে ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আমার কাছে গতকাল অভিযোগ এসেছে। আমি ইতোমধ্যেই তদন্ত কমিটি করে দিয়েছি। আশা করি, দুই-তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
