Published : 09 Jul 2026, 10:06 PM
শতাধিক দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে হয়ে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক অনুষ্ঠান ‘জিসিআই ওয়ার্ল্ড ২০২৬’।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও টোকিও বিশ্ববিদ্যালয়ের মাৎসুও-ইওয়াসাওয়া ল্যাবরেটরির (মাৎসুও ল্যাব) সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি শেষ হয়।
উদ্ভাবনকে এগিয়ে নেওয়ায় উৎসাহ দেওয়া এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এআই ট্যালেন্ট গড়ে তোলা এ আয়োজনের মূল লক্ষ্য ছিল বলে বৃহস্পতিবার ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, জিসিআই ওয়ার্ল্ড মাৎসুও-ইওয়াসাওয়া ল্যাবরেটরির একটি গ্লোবাল এডুকেশন প্রোগ্রাম, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ বছর ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ছিল প্রায় ৮০০ জন।
জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মোরিকাওয়া ইউকো বলেন, “এআই শিক্ষাকে উদ্যোক্তা উন্নয়ন, গবেষণা ও শিল্পের সঙ্গে যুক্ত করা গেলে নিজেদের সমস্যার সমাধান বাংলাদেশ নিজ থেকেই করতে পারবে বলে আমি মনে করি। বাংলাদেশ এর মাধ্যমে বিশ্বকে নতুন নতুন উদ্ভাবনও উপহার দিতে পারবে।”