সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ জন ‘বহিরাগত’, রিমান্ডে চায় পুলিশ
গ্রেপ্তার তিনজন কিছুদিন আগে মাদারীপুর থেকে ঢাকায় এসে ফার্মগেইট এলাকায় ফুটপাতে গেঞ্জির ব্যবসা শুরু করে বলে পুলিশে ভাষ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকেই ‘বহিরাগত’ বলছে পুলিশ।
যারা কিছুদিন আগে মাদারীপুর থেকে ঢাকায় এসে ফার্মগেইট এলাকায় ফুটপাতে গেঞ্জির ব্যবসা শুরু করে বলে পুলিশে ভাষ্য।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, নিহত সাম্যর মেজ ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।
ওসি মনসুর বলেন, "এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে ছিলেন বলে এমন তথ্য দিয়েছে সাম্যর বন্ধু। ওই বন্ধুই তাদের সনাক্ত করেছেন।"
এদিকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর তৌফিক হাসান।
সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় মঙ্গলবার রাত ১১টার ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)।
রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
তার বন্ধুরা জানিয়েছেন, ছাত্রদলের রাজনীতিতে যুক্ত সাম্য এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
সাম্যকে ছুরিকাঘাতের ঘটনার বিবরণ দিয়ে রাফি ও তার আরেক বন্ধু আবাবিল আহমেদ বিশাল বলেন, রাতে মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এসময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায় ওই মোটরসাইকেলের আরোহী। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়।
বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশ এক বার্তায় জানিয়েছে, সাম্য হত্যার ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
ঢাকায় আসেন ২০ দিন আগে
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৌফিক হাসান জানিয়েছেন গ্রেপ্তার তিনজন ফার্মগেট এলাকায় ফুটপাতে কিছুদিন আগে গেঞ্জির ব্যবসা শুরু করেছে।
তিনি বলেন, “প্রায় ২০দিন আগে ওই মাদারীপুর থেকে ঢাকায় আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তারা মাদক সেবনের জন্য সে জায়গায় গিয়েছিল।"
"ঘটনার সময় দুইজন আহত হয়ে শেরে বাংলা নগর থানা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।"
পুলিশের রিমান্ড আবেদন
সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তামিম, পল্লাশ ও মল্লিককে ১০ দিনের চেয়ে আবেদন করেছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম জামসেদ আলমের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর তৌফিক হাসান বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন।
এদিকে সাম্য হত্যার ঘটনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগের দাবি তুলেছেন ছাত্রদলের নেতারা।
আরও পড়ুন
