২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ আবু সাঈদ এবং ওয়াসিমের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর

শহিদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম এবং শহিদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নিকট এসব জিনিসপত্র হস্তান্তর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 07:50 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

গণআন্দেঅরনে নিহত আবু সাঈদ মিয়া এবং ওয়াসিম আকরামের ব্যবহৃত জিনিসপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে উপাচার্য নিয়াজ আহমদ খানকে উদ্ধৃত করে বলা হয়, “গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে এটিকে পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা আছে।

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের ব্যবহৃত জিনিসপত্র এখানে সংরক্ষণ করা হবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম এবং শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম উপাচার্যের কাছে এসব জিনিসপত্র হস্তান্তর করেন।

উপাচার্য বলেছেন, “আমরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্পৃক্ত করা হচ্ছেঅ”

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদের পাশাপাশি কোষাধ্যক্ষ, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন, প্রক্টর ও এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এবং আবু সাঈদ এবং ওয়াসিমের পরিবারের সদস্যরা।