২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

“ক্যাম্পাসে গেলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে সাম্যরা।”

জবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
অভিযুক্ত সাদমান সাম্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 06:15 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কয়েক ঘণ্টার মধ্যে তিনবার মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। 

হামলার শিকার জাহিদুর রহমান জনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে রাজধানীর খিলগাঁওয়ে আল খিদমাহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনি বলেন, বুধবার বিকেল ৪টায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ে বাসে, তারপর ক্যাম্পাসের পুলিশ বক্সের সামনে এবং শেষবার খিলগাঁও এলাকায় তাকে মারধর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাদমান সাম্য। 

ফিন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সদস্য এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেলের অনুসারী হিসেবে পরিচিত। 

জনি দাবি করেন, রাজনীতির সঙ্গে তার কোনো ‘সংশ্লিষ্টতা নেই’।বুধবার দুপুরে দুর্জয় বাসে বসে সিনিয়রদের সঙ্গে তিনি গল্প করছিলেন। এসময় অপরিচিত কয়েকজন বাসে বসে গাঁজা খাচ্ছিল। 

“এরপর অপরিচিত একজন এসে আমার পরিচয় জানতে চাইলে আমি আমার পরিচয় বলি। তারপর হ্যারাসমেন্টের অভিযোগ তুলে সাদমান সাম্য আমাকে মারতে শুরু করে। উনার সাথে উনার সহযোগীরাও আমাকে মারধর করে। ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে পরে পুলিশ বক্সে নিয়ে আবার তারা আমাকে মারধর করে। তখন বাধ্য হয়ে আমি উল্টো তাদের কাছে মাফ চাই।

“পরে বিশ্ববিদ্যালয় ছুটির পর বাসে করে খিলগাঁও যাচ্ছিলাম। এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে থাকা সাম্য ও তার লোকজন আমাকে আবার মারে। তারপর আমি হাসপাতালে যাই। ক্যাম্পাসে গেলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে সাম্যরা।”

বাসে থাকা শিক্ষার্থীরাও সাম্য ও তার দলবলের হাতে জনির মারধরের শিকার হওয়ার কথা বলেছেন। 

তবে অভিযোগ অস্বীকার করে সাম্য বলেছেন, “জনি আমার এক বান্ধবীকে হ্যারাস করেছিল। তার শরীরে টাচ করছিল, এক পর্যায়ে তাকে রুম ডেট করার জন্যেও চাপ দিচ্ছিল। এ বিষয়ে ওর সাথে কথা বললে সে বেয়াদবি করছে, মারতে আসছে। তখন সিচুয়েশন অন্যরকম হয়েছে। জনি নিজে তার হাত দিয়ে বাসের গ্লাসে ঘুষি মেরে হাত কেটেছে। তারপর আহত অবস্থায় আমরাই জনিকে হাসপাতালে নিয়ে যাই। আমরা তার মায়ের সাথে কথা বলে জেনেছি, জনি একজন মানসিক রোগী।”

এদিকে বান্ধবীকে নিয়ে সাম্যর তোলা অভিযোগ অস্বীকার করেছেন জনি। 

হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ঘটনাটি দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি কেন্দ্রের নেতাদের জানিয়েছি। সাংগঠনিক সিদ্ধান্ত তারা নিবেন।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, “আমি ঘটনাটি শুনেছি। নিউজের কাটিংসহ এই ঘটনাটা সেন্ট্রালকে অবহিত করব। আমরা সুপারিশ করব, তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।”