ছাত্রলীগের বিরুদ্ধে চবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মিছিল
দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৃথক কর্মসূচি পালন করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।
সোমবার রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে বট বাহিনীর অপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দীর মোড় প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্ট এলাকায় ঘুরে আসে। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে চাকসুর এজিএস ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “জুলাইয়ে ছাত্রলীগ পালিয়ে গেছে, এখন ফজরের সময় এসে হুক্কা-হুয়া করে। তোমাদের নেতারা পালিয়ে গেছে, আর তোমরা মার খাওয়ার জন্য ক্যাম্পাসে এসো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও শিক্ষার্থীরা ছাত্রলীগ রুখে দিতে প্রস্তুত আছে।”
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, “যারা এই বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড চালিয়েছে। শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সর্বশেষ যাদের কারণে আমাদের ফরহাদ ও তরুয়া নিহত হয়েছে। তারা আবারও এই ক্যাম্পাসে আসার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকাডেমিক ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা (ছাত্রলীগ কর্মী) শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছেন। ন্যূনতম বিবেক থাকলে নিজের মা বাবার জন্য কাজ করুন। জনগণের অধিকার ও শিক্ষার্থীদের আত্মত্যাগকে যারা বারবার অবজ্ঞা করেছে, তাদের আমরা প্রতিহত করব।”
একই সময়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সোহরাওয়ার্দী হল মোড় থেকে বাইক মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। তারাও আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে মোটরসাইকেলে চড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের মিছিলের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
